হরিণের আক্রমণেও মৃত্যু হতে পারে!



হরিণ মানুষের উপর আক্রমণ করেছে। আবার সেই আক্রমণে প্রাণ হারিয়েছেন কেউ। শুনেছেন কখনো? এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়।

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের ভিক্টোরিয়া প্রদেশে বন্য হরিণের আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে জীবনমরণ সংকটে আরো এক নারী।

আজ (বুধবার) সকালের দিকে প্রদেশের ওয়াংগারাটা এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা।গিয়েছে।
আহত নারীকে সংকটজনক অবস্থায় বিমানযোগে চিকিৎসার জন্য খুব দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আক্রমণকারী বন্য ওই হরিণটিকে মেরে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনাকে বিরল বলে উল্লেখ করেছেন চিকিৎসক রোনেল ওয়েলটন। বিবিসিকে তিনি জানিয়েছেন, হরিণের আক্রমণে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার ঘটনা তার জানা নেই।

উদ্যানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে ভিক্টোরিয়া প্রদেশে বন্য হরিণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। বিশাল সংখ্যক এ হরিণ এলাকার প্রাণ-প্রতিবেশ ও গাছপালার জন্য হুমকিস্বরূপ বলে তাদের মত। এদের সংখ্যা কমিয়ে ফেলা উচিত বলে মনে করেন উদ্যান কর্তৃপক্ষ।