হোয়াইটওয়াশ এড়াতে লড়ছে বাংলাদেশের




আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিতে সেই ব্রিবতকর পরিস্থিতি এড়ানোর সঙ্গে শেষটা ভালো করার চ্যালেঞ্জ সাকিব আল হাসানদের সামনে।
আর তাই আজ বৃহস্পতিবার দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ প্রথম ৬ ওভারে হারিয়েছে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। তামিম ইকবাল উইকেট বিলিয়ে আসার পর যেন ‘আত্মহত্যা’ করেন লিটন দাস ও সৌম্য সরকার। পাওয়ার প্লেতে ৬ ওভারে ৩ উইকেটে ৩৫ রান করা দলটি তাকিয়ে মুশফিকুর রহিমের দিকে। রানের জন্য ছটফট করা সাকিব আল হাসান ফিরে গেলেন সামিউল্লাহ শেনওয়ারির দারুণ ক্যাচে। এক্সট্রা কাভারে ঝাঁপিয়ে এক হাতে দারুণ এক ক্যাচ নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলেছেন শেনওয়ারি।
এখন পর্যন্ত বাংলাদেশ ৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
মোসাদ্দেক হোসেনের জায়গায় একাদশে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজ শুরুই করলেন ১৮ রান দিয়ে! প্রথম ওভারে মিরাজের ওপর চড়াও হলেও মোহাম্মদ শাহজাদ বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। অষ্টম ওভারে তাঁকে তুলে নেন নাজমুল। ২২ বলে ২৬ রান করে ফিরেছেন শাহজাদ। ওপেনিং জুটিতে শাহজাদ-উসমান গনির ৫৫ রানের জুটিই আফগানদের ইনিংসে সর্বোচ্চ।
প্রথম ওভার খারাপ করায় মিরাজকে একেবারে ১১তম ওভারে বোলিংয়ে আনেন অধিনায়ক সাকিব। মাঝে দুই পেসার আবু হায়দার ও আবু জায়েদ ছাড়াও তিনি নিজেও বোলিংয়ে এসেছেন। বোলিং করিয়েছেন নাজমুলকে দিয়েও। ২০ ওভারের কোটা পূরণে মোট সাতজন বোলার ব্যবহার করেছেন সাকিব। এর মধ্যে নাজমুল, আবু জায়েদ এবং সাকিবই সবচেয়ে সফল। ১৮ রানে ২ উইকেট নেন নাজমুল। ২৭ রানে ২ উইকেট নিয়েছেন আবু জায়েদ। আর সাকিব ছিলেন সবচেয়ে কৃপণ। ৪ ওভারে ১৬ রানে নিয়েছেন ১ উইকেট, আগের ম্যাচে বাজে বোলিং আজ কিছুটা পুষিয়েছেন অধিনায়ক। মান বাঁচানোর এই ম্যাচে নজিবুল্লাহ জাদরানের উইকেটটি দিয়ে সাকিব একটি রেকর্ডও গড়লেন। এই উইকেট দিয়ে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেট নেওয়ার অভিজাত ক্লাবে নাম লেখালেন সাকিব।
আফগানিস্তান শেষ ১০ ওভারে ৮১ রান তুললেও ‘ডট’ দেওয়ার ক্ষেত্রেও বাকিদের চেয়ে এগিয়ে এই তিন বোলার। সর্বোচ্চ ১৩টি করে ডেলিভারি ‘ডট’ দিয়েছেন নাজমুল ও সাকিব। ১১টি ‘ডট’ দিয়েছেন আবু জায়েদ। মিরাজ-সৌম্য-আরিফুল ৪ ওভারে ৪৮ রান না দিলে আফগানদের স্কোরটা আরও কম হতে পারত।