অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন এর উৎপাদন কাজ শুরু করে দিয়েছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট কম্পানি ‘অ্যাস্ট্রাজেনিকা।’
গত শুক্রবার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে কোম্পানিটির কার্যনির্বাহী প্রধান প্যাস্কাল সরিওট এ তথ্য জানান।
এবার অক্সফোর্ডের টিকা উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট।
মঙ্গলবার সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা বলেন, ভ্যাকসিনটির উৎপাদনের জন্য ১০ কোটি মার্কিন ডলার (প্রায় ৭৫০ কোটি টাকা) অর্থ বরাদ্দ করা হয়েছে। খুব শিগগিরই এই ভ্যাকসিন উৎপাদনের কাজও শুরু হয়ে যাবে।
সিরাম ইনস্টিটিউট বলছে, অক্সফোর্ডের টিকার উৎপাদনের আগাম প্রস্তুতির ফলে ভবিষ্যতে লাভবান হবে ভারত ও অন্যান্য বেশ কয়েকটি নিম্ন ও মধ্য আয়ের দেশ।
টিকা তৈরির পর মোট কত পরিমাণ ডোজ ভারত পাবে, সে কথা নির্দিষ্টভাবে বলা না গেলেও সরকারের নির্দেশ মেনে দেশের প্রাথমিক প্রয়োজন মেটানোর পর অন্যান্য দেশে এই টিকা পাঠানোর কথা ভাবা হবে বলে জানান সংস্থাটির প্রধান আদর পুনাওয়ালা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ভ্যাকসিনটির চূড়ান্ত পর্বের হিউম্যান ট্রায়ালের ফলাফল না জেনেই উৎপাদনের কাজ কীভাবে শুরু করা হচ্ছে জানতে চাইলে পুনাওয়ালা বলেন, ‘করোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে জরুরি ভিত্তিতে করোনা টিকার জোগান দেয়ার প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। এ জন্য নিজেরা ঝুঁকি নিয়ে আপাতত কয়েক লাখ ডোজ তৈরি করে রাখছে সিরাম ইনস্টিটিউট।’
সুত্র : জিনিউজ

