ক্রিকেট বিশ্বকাপের বাকি আছে এক বছরেরও কম সময়। ইংল্যান্ডে অনুষ্ঠিত সে বিশ্বকাপের আগে নির্ভর যোগ্য কোচ দরকার বাংলাদেশের। হাথুরুসিংহে চলে যাওয়ার পর এখনো কোনো কোচ নিয়োগ দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এখনো খালি আছে সেই হেড কোচের পদ। অবশেষে জানা গেল, সেই পদে বসতে যাচ্ছে ইংলিশ কোচ।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে এই সিদ্ধান্ত বিসিবির। কোচ বাছাইয়ের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন একজন অস্ট্রেলিয়ান, একজন ইংলিশ ও একজন দক্ষিণ আফ্রিকানের নাম। জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি আরো জানিয়েছিলেন কোচ নামী কেও হবেন না।
কিছুদিন আগে পরামর্শক হয়ে বাংলাদেশে আসা গ্যারি কারস্টেন সেই তালিকা থেকে সুপারিশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য যোগ্য একজন কোচের নাম। আর সেই কোচ হচ্ছেন ইংল্যান্ডের স্টিভ রোডস। ইংল্যান্ডের হয়ে মাত্র ৯ ওডিআই ও ১১টি টেস্ট খেলেছিলেন তিনি।
খেলোয়াড়ি জীবনে সফল না হলেও কোচ হিসেবে সফল এই ইংলিশ ব্যক্তিত্ব। খেলা ছাড়ার পর ওর্চেস্টারশায়ারের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন স্টিভ রোডস। পরে হয়েছিলেন ডিরেক্টর অফ ক্রিকেট। ২০১০ সালে সাকিব আল হাসান যখন কাউন্টি খেলতে ওর্চেস্টারশায়ারে যোগ দেন তখন তিনি দলের বোর্ড অফ ডিরেক্টর পড়েই ছিলেন। সে সময় সাকিবের দলভুক্তি নিয়ে সংবাদমাধ্যমে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এক অপ্রীতিকর ঘটনায় ওর্চেস্টারশায়ার ছাড়তে হয় স্টিভ রোডসকে। এক তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে সে সময়। সেই ঘটনা কর্তৃপক্ষকে জানাতে দেরি করাতে রোডসকে ছুটিতে পাঠায় ক্লাব কর্তৃপক্ষ। তখনই চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন স্টিভ রোডস।
খেলোয়াড়ি জীবনে সফল ছিলেন না বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তবে কোচ হিসেবে বাংলাদেশকে বদলে দিয়েছেন, সাফল্য এনে দিয়েছিলেন বেশ। তাই ক্রিকেটার হিসেবে অসফল ইংল্যান্ডের স্টিভ রোডস কোচ হিসেবে সফল হতে পারেন, এমন প্রত্যাশা বিসিবি কর্মকর্তাদের। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই মাশরাফি-সাকিবদের হেড কোচ হতে ঢাকায় পা রাখবেন স্টিভ রোডস।
