আইপিএলে জঙ্গি হামলা?



আইপিএলে জঙ্গি হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে খবর পেয়েছে পুলিশ। এমনটিই দাবি করেছে ভারতের বেশকিছু গণমাধ্যম।

কয়েকদিন ধরে ধরা পড়া কয়েকজন জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে এমন তথ্যই পেয়েছে মুম্বাই পুলিশ। ভারতের একাধিক গোয়েন্দা দপ্তরের খবর অনুযায়ী, আশঙ্কা করা হচ্ছে জঙ্গি হামলা হতে পারে আইপিএলে।

দেড় বছর ধরে উত্তর প্রদেশসহ উত্তর ভারতের বিশাল এলাকাজুড়ে জঙ্গি দমনে কাজ করছে ভারতের জঙ্গি দমন কমিশন। জঙ্গি দমন শাখার কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হওয়া আটক হওয় জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে এই বিস্ফোরক তথ্য পেয়েছে ভারতের একাধিক গোয়েন্দা দপ্তরের কর্মকর্তারা।

তাদের কথা থেকে জানা যায়, মুম্বাইয়ে আইপিএল চলাকালে বিদেশি খেলোয়াড়দের ওপর হামলা করার পরিকল্পনা আঁটছিল জঙ্গিরা। মুম্বাইয়ে খেলতে আসা বিদেশি খেলোয়াড়েরা যে হোটেলে থাকেন, সেই হোটেল ট্রাইডেন্ট থেকে শুরু করে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত যাওয়ার রাস্তাগুলোয় বেশ কয়েকবার ঘুরেফিরে সম্ভাব্য হামলার জায়গা পছন্দ করে ফেলেছিল জঙ্গিরা।

এই তথ্য পাওয়ার পরই চূড়ান্ত সতর্ক অবস্থা চালু করা হয়েছে। আরও নিরাপত্তা বাড়ানোর জন্য আদেশ দেওয়া হয়েছে মুম্বাই পুলিশকে। হোটেল ও রাস্তায় মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্য। ঠিক করা হয়েছে, ক্রিকেটারদের মাঠ থেকে হোটেল এবং হোটেল থেকে মাঠ পর্যন্ত নিরাপত্তা দেবে ‘মার্কসম্যান কমব্যাট ভেহিকল’।

প্রয়োজন ছাড়া যেন ক্রিকেটাররা কেউই হোটেল ছেড়ে না বেরোয়, বারবার বলা হয়েছে সে কথা। হোটেল ও এর আশেপাশের এলাকাগুলোতে কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছে।