গ্যালাক্সি নোট ৯ নামে নতুন একটি স্মার্টফোন আনছে স্যামসাং। এটি গ্যালাক্সি নোট সিরিজের পরবর্তী সংস্করণ। আগামী ৯ আগস্ট নতুন ডিভাইসটি উন্মোচনের পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। স্যামসাং সংশ্লিষ্ট একটি সূত্রকে উদ্ধৃত করে ব্লুমবার্গ এ তথ্য প্রকাশ করেছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ৯ আগস্ট গ্যালাক্সি নোট ৯ স্মার্টফোন উন্মোচন করা হতে পারে, যা আগের বছরের গ্যালাক্সি নোট ৮ উন্মোচন তারিখ থেকে দুই সপ্তাহ আগে।
স্যামসাং সাধারণত বার্লিন আইএফএ ট্রেড শোতে গ্যালাক্সি নোট সিরিজের স্মার্টফোন উন্মোচন করে। সে তুলনায় প্রতিষ্ঠানটি এবার দুই সপ্তাহ আগে ডিভাইস উন্মোচনের পরিকল্পনা নিয়েছে।
এর আগে কোরিয়া হেরাল্ড এক প্রতিবেদনে জানায়, গ্যালাক্সি এস৯ স্মার্টফোন প্রত্যাশার চেয়ে কম বিক্রি হয়েছে। এ কারণে জুলাইয়ের শেষ নাগাদ গ্যালাক্সি নোট ৯ ডিভাইসটি উন্মোচন করতে পারে স্যামসাং।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, স্যামসাং এপ্রিলে ৬ দশমিক ৪৮ ইঞ্চি ডিসপ্লের গ্যালাক্সি নোট ৯ স্মার্টফোনটির উৎপাদন শুরু করেছে, যা প্রত্যাশিত সময়ের চেয়ে দুই মাস এগিয়ে। নতুন ডিভাইসটি বিক্রি শুরু হতে পারে মধ্য আগস্টে।
ব্লুমবার্গ জানায়, ৯ আগস্ট গ্যালাক্সি নোট ৯ উন্মোচন করলে আইফোনের নতুন ডিভাইস আসার আগেই বাজার ধরার সুযোগ পাবে স্যামসাং।
