নারী ক্রিকেট দলের খেলা ছিল না দীর্ঘদিন। প্রায় ১৪ মাস পর মাঠে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে লম্বা সিরিজ খেলতে উড়াল দিয়েছে জাহানারা-রুমানারা। দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী তারা। এ সফরের অভিজ্ঞতা তাদের অদূর ভবিষ্যতে কাজে লাগবে বলে মনে করছে নারী ক্রিকেট দলের সদস্যরা।
দীর্ঘ ১৪ মাস মাঠের লড়াইয়ে না নামলেও, নিয়মিত অনুশীলনে ব্যস্ত ছিল নারী ক্রিকেট দল। প্রস্তুতিও নেহাত খারাপ নয়। তাই আফ্রিকা থেকে ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারবে বলে আশাবাদী তারা। শনিবার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল। গতকাল বিকালে সাংবাদিকদের মুখোমুখি হন ওয়ানডে অধিনায়ক রুমানা। তিনি বলেন, ‘গত ১৪ মাস আমরা বসেছিলাম না। এরমধ্যে অনেক কাজ করেছি, ম্যাচ অনুশীলন করেছি। সেখানে পারফরম্যান্স যা ছিল তাতে ভালো কিছু করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। তবে সেখানে অভিজ্ঞতা অর্জন হবে সবচেয়ে বড় ব্যাপার।’
সফরে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রুমানা-সালমারা। ওয়ানডে সিরিজের আগে ২ মে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা। ৪ মে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর যথাক্রমে ৬, ৯, ১১ ও ১৪ মে অনুষ্ঠিত হবে বাকি চারটি ম্যাচ।। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ মে। ১৯ মে দ্বিতীয় ও ২০ মে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।
আগামী ১৪ জুলাই শুরু হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। সেই আসরের প্রস্তুতি হিসেবেই এই সফরকে দেখছে বাংলাদেশ। রুমানা জানান, ‘আমাদের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। তার প্রস্তুতি আমরা দক্ষিণ আফ্রিকা থেকেই শুরু করতে যাচ্ছি। ভুল-ত্রুটি, অনেক কিছু শুধরানোর জায়গা আছে।’
দীর্ঘদিন মাঠে না নামলেও খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ, বলে মনে করেন রোমানা। মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করার উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকার পথে উড়াল দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
