আন্ডাররেটেড সাকিব!




সাকিব ভেলকিতে জিতেছে হায়দ্রাবাদ। ব্যাঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট টেবিলের মাথায় নিজেদের স্থান আরো পাকাপোক্ত করেছে। এই জয়ে অবদান ছিল সাকিবেরও। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে জুটি গড়ে করেছেন ৩৫ রান। বল হাতে তুলে নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। কঠিন সময়ে দুটি ব্রেক থ্রু তারই এনে দেওয়া। যদিও একটু খরুচে, তারপরও ভিরাট কোহলী ও পার্থিব প্যাটেলকে ফিরিয়ে দিয়ে খেলায় রেখেছিলেন সাকিবই।
এই সাকিব আল হাসানকে নিয়ে সন্তুষ্ট নয় সানরাইজার্স হায়দ্রাবাদের সমর্থকেরা। হায়দ্রাবাদের ফেসবুক পেজ কিংবা টুইটার একাউন্টে লক্ষ্য করা যায়, ধারাবাহিক সাফল্য পেলেও সাকিবের পারফরম্যান্সে খুশি হতে পারছে না কিছু সমর্থক। বল হাতে একটু খরুচে সাকিব, তাছাড়া ব্যাট হাতে নিয়মিত রান না পাওয়া এ অসন্তোষের কারণ।
নিয়মিত পারফর্ম না করলেও সময়মত ঠিকই জ্বলে উঠেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল আরো একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন বাংলাদেশের শীর্ষ এই ক্রিকেটার। তাই ভক্তদের কথা আমলে না নিয়ে সাকিবের উপর খুশিই আছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ। এমনকি সাকিবকে অনেকবেশি আন্ডাররেটেড বলেও আখ্যায়িত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টর ভিভিএস লক্ষণ।
গতকাল প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠা সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সাকিব সবসময়ই আন্ডার রেটেড। সে অনেক ঠান্ডা মেজাজের। সে প্রায়ই দুটি করে উইকেট নিচ্ছে, রান চেক দিচ্ছে। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সেই সবচেয়ে আন্ডাররেটেড।’
এছাড়া তিনি তার বোলারদের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে রশিদ খানের। টুর্নামেন্ট শুরুর আগেই ভিলিয়ার্স আর কোহলির উইকেট নেয়ার ইচ্ছা পোষণ করেছিলেন রশিদ। সেই ইচ্ছা পূরণ হয়েছে তার। এই প্রসঙ্গে লক্ষ্মণ বলেছেন,’আমাদের পাঁচজনই অ্যাটাকিং বোলার। এটাই আমাদের প্লাস পয়েন্ট। রশিদ অবশ্যই ভালো। টুর্নামেন্ট শুরুর আগেই সে বলেছিলো এবি আর কোহলির উইকেট নিতে চায় সে। আজ এবির উইকেটটা নিয়েছে।’
গতকাল সাকিবের অসাধারণ পারফরম্যান্সের পরও ম্যান অফ দ্যা ম্যাচ পেয়েছেন কেন উইলিয়ামসন। এর আগেও এক ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতালেও পুরস্কার শূন্য ছিলেন। কেন উইলিয়ামসন কিংবা রশিদ খানদের নিয়ে যেমন আলোচনা হয়, হায়দ্রাবাদের সাকিবকে নিয়ে খুব একটা হয় না। তাতে কি? সেরারা তো আলোচনায় আসার জন্য খেলে না। তারা নীরবেই নিজের কাজটুকু করে যায়।
১০ ম্যাচ শেষে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে সাকিব হায়দ্রাবাদ। আর প্রথম দল হিসেবে বাড়ির পথ দেখেছে ভিরাট কোহলীর ব্যাঙ্গালুরু।