যখন টি-টোয়েন্টির প্রসঙ্গ আসে, তখন আফগানিস্তানকেও সমীহ করতে হয়। অতীত পরিসংখ্যান বলে বাংলাদেশ থেকে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরমেটে এগিয়ে আফগানিস্তান। র্যাংকিংয়েও এগিয়ে ক্রিকেটের এই নব্য সদস্য। যদিও শেষ সিরিজ নিদাহাস ট্রফিতে বাংলাদেশ প্রমাণ করেছে টি-টোয়েন্টি ক্রিকেটেও সামর্থ্য আছে তাদের। তারপরও যে ভাবতে হয়। টি-টোয়েন্টিতে আফগানিস্তান যে সমীহ জাগানিয়া দল।
আফগানিস্তান নিয়ে ভাবনা আছে খেলোয়াড়দের মাঝেও। শক্তি ও সামর্থ্যের বিচারে এই আফগানদের বিপক্ষে পরাজয়কেও এনে দেবে ‘অঘটন’ তকমা। আর এই কারণে আফগানিস্তান সিরিজ বাংলাদেশের মনে জাগাচ্ছে খানিকটা ভয়, খানিকটা শঙ্কা।
সেটি আড়াল না করেই কথা বলেছেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটিকে তিনি দেখছেন চ্যালেঞ্জ হিসেবে – ‘আমরা আড়াই মাসের ব্যবধানে পরপর দু’টি টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছি। সচরাচর এমনটা হয় না আমাদের। তবে সত্যি বলতে প্রতিপক্ষ দলটা আফগানিস্তান বলেই এখানে চ্যালেঞ্জের মাত্রাটা বেশি। শেষবার তারা যখন আমাদের দেশে খেললো, একটি ম্যাচে জিতেছিল। যদিও সেটি ওয়ানডে ফরম্যাটে ছিল। তবু টি-টোয়েন্টিতে খুব ভালো দল আফগানিস্তান।’
এই সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য মাথা ব্যাথার কারণ হতে পারে ১৯ বছর বয়সী আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ এবং ১৬ বছর বয়সী মুজিব উর রহমান। বর্তমান ক্রিকেট দুনিয়ার সারপ্রাইজ প্যাকেজ হিসেবে এই দ্বৈত আক্রমণকে সামলাতে তাই বাড়তি সচেতন থাকতে হবে। গত বিপিএলে বাংলাদেশ মাতিয়েছেন তারা। এবার আইপিএলেও বেশ দাপিয়ে বেড়াচ্ছেন আফগানের এই দুই স্পিনার। তামিম ইকবাল তো একবার জানিয়েছিলেন রশিদ-মুজিবদের নিয়ে আলাদা পরিকল্পনা করবে দল।
রশিদ-মুজিবের বিপক্ষে নিজের পরিকল্পনার কথা বলতে গিয়ে মুশফিক জানান – ‘রশিদ খান তো একজন বিশ্বমানের বোলার। আইপিএলে এক ম্যাচ ছাড়া তার বিরুদ্ধে ছয় সাতের বেশি কোনো ওভারে কেউ নিতে পারেনি। আমাদের জন্য তাই চ্যালেঞ্জিং হবে। অবশ্যই একটা পরিকল্পনা করতে হবে, যেখানে একটু ঝুঁকি নিয়ে হলেও যাতে রানটা আমি করতে পারি। ওদের শুধু রশিদ খান না, মুজিবও নতুন বলে বল করে থাকে। আমাদের ওইভাবে পরিকল্পনা করে এগোতে হবে।’
শুধু রশিদ খান কিংবা মুজিব উর রহমানই নন, মুশফিকের ভাবনায় ভারতের দেরদুইন। যেখানে প্রথমবারের মত খেলবে বাংলাদেশ। এ বিষয়ে মুশফিক বলেন, ‘মাঠটা অচেনা। এটা হয়তো বা একটা চ্যালেঞ্জ হবে। ওখানে একটা অনুশীলন ম্যাচ হবে। সেটা খেলে আমরা যতো দ্রুত মানিয়ে নিতে পারবো, ততো ভালো হবে।’
উল্লেখ্য, আগামী জুন ভারতের দেরদুইনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
