আরেকটি পরাজয়; টিকে থাকার সম্ভাবনা কতটুকু?




ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে সর্বশেষ সেই ১৯৫৮ সালে চেকোস্লোভাকিয়ার কাছে ৬-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এরপর এটাই গ্রুপ পর্বে তাদের সবচেয়ে বড় পরাজয়। অথচ চেকোস্লোভাকিয়া দেশটিই এখন আর নেই।
প্রশ্ন এখন একটাই, আর্জেন্টিনার বিশ্বকাপ কি শেষ? উত্তরটা ‘না’ বলার উপায় নেই। হ্যাঁ-ও জোর দিয়ে বলা যাচ্ছে না। যতটুকু আশা আছে, তার সঙ্গে জড়িয়ে আছে অনেক যদি-কিন্তু। নিজেদের হাতে এখন আর্জেন্টিনার ভাগ্য নেই। এমনকি শেষ ম্যাচ জিতলেও পরের রাউন্ডে যাবে, তা জোর দিয়ে বলা যাচ্ছে না।
আর্জেন্টিনার ম্যাচ এখনো একটা বাকি আছে। শেষ ম্যাচের আগে আর্জেন্টিনা তাকিয়ে থাকবে নাইজেরিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে। এই ম্যাচের ফল দেখার পর বোঝা যাবে, শেষ ম্যাচে কী সমীকরণের সামনে দাঁড়াবে আর্জেন্টিনা। নাইজেরিয়াকে যদি আইসল্যান্ড হারিয়ে দেয় তাহলে ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসদের ম্যাচে ক্রোয়েটদের জন্য দোয়া করতে হবে আলবিসেলেস্তেদের। কারণ, ওই ম্যাচে ক্রোয়েশিয়া জিততে না পারলেই বাদ পড়বে আর্জেন্টিনা।
অর্থাৎ; আইসল্যান্ড-নাইজেরিয়া যে দলই জিতুক বা ড্র হোক; তবু তারা পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে থাকবে। যদি নাইজেরিয়া জেতে, তাদের পয়েন্ট হবে ৩। শেষ ম্যাচে তখন নাইজেরিয়াকে হারালে আর আইসল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে হারলে আর্জেন্টিনা চলে যাবে পরের রাউন্ডে। এটাই এখন পর্যন্ত আর্জেন্টিনার তুলনামূলক সহজ পথ।
আইসল্যান্ড জিতলে তাদের পয়েন্ট হবে ৪। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা হারলে আর নাইজেরিয়াকে আর্জেন্টিনা হারিয়ে দিলে মেসিদের পয়েন্টও হবে ৪। তখন গোল ব্যবধানের প্রশ্ন আসবে। আজকের ৩ গোল এখানেই সর্বনাশ করেছে মেসিদের। আইসল্যান্ড বড় ব্যবধানে জিতলে তখন মেসিদের সামনে শেষ ম্যাচে লক্ষ্য দাঁড়াবে নাইজেরিয়াকে হারালেই হবে না, আইসল্যান্ডের চেয়ে বেশি গোল ব্যবধান থাকতে হবে।
তবে, আইসল্যান্ড-নাইজেরিয়া ম্যাচ ড্র হলেও আশা থাকবে আর্জেন্টিনার। তখন শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারাতে হবে আর্জেন্টিনাকে। আর আইসল্যান্ডকে হারতে হবে ক্রোয়েশিয়ার কাছে।
তবে শেষ কথা হলো, অন্যের হাতে নিজের ভাগ্য তুলে দেওয়ার কথা ছিল না মেসির…
আরও পড়ুন;

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্ব জয়ের স্বপ্ন

রুশ নারীদের পটানোর নির্দেশনা দিয়েছে আর্জেন্টিনা

সেমিফাইনালেই আর্জেন্টিনার প্রাপ্তি!