আয়ারল্যান্ডের প্রথম কেভিন ও'ব্রাইন




মোহাম্মদ আমিরের বল থেকে দুই রান নিলেন কেভিন ও’ব্রাইন। আর তাতেই জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে ইতিহাসে তাদের প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। নিজেকে তুলেছেন অনন্য উচ্চতায়।
৩৪ বছর বয়সী এই ক্রিকেটার দেখিয়েছেন নিজের দায়িত্বজ্ঞান। প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়ে ১৮৭ বলে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম শতক। আর তাতেই ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। মান বাঁচানোর লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে লড়েছেন নিজের সর্বোচ্চ দিয়েই।
প্রথম ইনিংসে শুরুটা ভালো না হলেও ফাহিম আশরাফের ৮৩, আসাদ শফিকের ৬২ ও শাদাব খানের ৫৫ রানের সুবাদে ৯ উইকেটে ৩০৯ করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৩০ রানেই গুটিয়ে ফলো অনে পড়ে প্রথম টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ড।
ফলো অনে পড়ে ১৭৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে শুরু করে স্বাগতিক আয়ারল্যান্ড। কেভিন ও’ব্রাইনের সেঞ্চুরিতে ৩০০ পেরোয় স্বাগতিকরা। ইনিংস ব্যবধান এড়াতে স্টুয়ার্ট থমসনের সাথে গড়েন ১১৪ রানের জুটি। থম্পসন করেন ৫৩ রান। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন এখনো ব্যাটিং করছে স্বাগতিক দল।
এর আগে প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে, দ্বিতীয় দিন থেকে শুরু হয় আয়ারল্যান্ড ও পাকিস্তানের একমাত্র টেস্ট। এর মধ্য দিয়ে টেস্ট পরিবারের এগারোতম সদস্য হিসেবে আত্মপ্রকাশ করে আয়ারল্যান্ড।