ইংল্যান্ড দলটা বরাবরই আন্ডাররেটেড। তার অবশ্য কিছু কারণ আছে। বিশ্ব আসরে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারে না ১৯৬৬ সালে বিশ্বকাপ জয় করা দলটি। সেই যে প্রথমবার, আর সেটিই শেষ। ইংল্যান্ডের জন্য আর সামনে আসেনি বিশ্বকাপের সোনালী ট্রফি। এবার আটঘাট বেঁধেই নেমেছে ইংল্যান্ড। রাশিয়ায় যে শিরোপা উঁচিয়ে ধরতে হবে।
‘ঠান্ডা ও বৃষ্টির মাঝে মাঠের পাশে দাঁড়িয়েছিলেন বছরের পর বছর। মা, আমরা বিশ্বকাপে যাচ্ছি।’ – মার্কাস রাশফোর্ডের এই অভিব্যক্তি অনেক কিছুই বর্ণনা করে। মনের মধ্যে চাপা আবেগ, রোমাঞ্চ সবকিছু বেরিয়ে আসতে চায়। বিশ্বকাপ বলে কথা! এই রোমাঞ্চে পুড়বেন না, তা কি করে হয়? এমন রোমাঞ্চে রোমাঞ্চিত ইংল্যান্ডের অন্যান্য খেলোয়াড়রাও।
জিততেই হবে, শিরোপা নিয়ে বাড়ি ফিরতে হবে। এমন চাপ নেই ইংল্যান্ডের জন্য। প্রত্যাশার যে চাপ পিষে মারে মেসি, নেইমার, রোনালদোদের, সেই চাপ অনুভব করে না ইংল্যান্ড। এমন চাপ কখনো কখনো হয়ে উঠে বাড়তি অনুপ্রেরণা, কখনো না ধ্বংসের কারণ। তাই, চাপহীন ইংল্যান্ড খেলতে চায় নিজেদের উজাড় করে।
চাপ না থাকুক, বিশ্বকাপ বলে কথা! এমন উত্তেজনা যে চাপা দেওয়া যায় না। এই উত্তেজনায় ফুটছে তরুণ ইংল্যান্ড দল। হ্যা, তরুণই বটে, দলের গড় বয়স ২৬ বছর ১৮ দিন। এর আগে মাত্র দুটি বিশ্বকাপের (১৯৫৮, ২০০৬) চেয়ে কম বয়সী খেলোয়াড়দের ডাক মিলেছিল স্কোয়াডে। প্রথমবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। আর ২০০৬ সালে পর্তুগালের কাছে পেনাল্টিতে হেরে কোয়ার্টার ফাইনালে থেমেছিল ইংলিশরা। এবার তেমন কিছু যেন না হয়, সে চেষ্টা নিশ্চয় করবেন সাউথগেট।
ব্রাজিলের পর মাত্র দ্বিতীয় দল হিসেবে প্রাথমিক কোনো তালিকা না দিয়ে সরাসরি চূড়ান্ত তালিকা দিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের জন্য চূড়ান্ত ২৩ জনের নাম জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। ইংলিশ প্রিমিয়ার লিগের ১১টি দল থেকে ২৩ জন খেলোয়াড় বেছে নিয়েছেন সাউথগেট। টটেনহাম থেকে সুযোগ পেয়েছেন সর্বোচ্চ পাঁচজন। ম্যানচেস্টার ইউনাইটেড ও সিটি থেকে ডাক পেয়েছেন চারজন করে।

রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের ইংল্যান্ড দল :
গোলকিপার : জর্ডান পিকফোর্ড, নিক পোপ, জ্যাক বাটল্যান্ড।
ডিফেন্ডার : ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, গ্যারি কাহিল, কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুইয়ার, কিয়েরান ট্রিপিয়ের, ড্যানি রোজ, ফিল জোনস, অ্যাশলি ইয়াং।
মিডফিল্ডার : জর্ডান হেন্ডারসন, এরিক ডায়ার, ডেলে আলি, জেসি লিনগার্ড, ফ্যাবিয়ান ডেলফ, রুবেন লফটাস-চিক।
ফরোয়ার্ড : হ্যারি কেন, মার্কাস রাশফোর্ড, রাহিম স্টার্লিং, জেমি ভার্ডি, ড্যানি ওয়েলবেক। স্ট্যান্ড বাই : লালানা, হিটন, টারকোস্কি, কুক, লিভমোর।
