ইতিহাস গড়ে বাঘিনীদের এশিয়া জয়




এশিয়া কাপে হারেনি ভারত। এই গর্বে বাংলাদেশ জল ঢেলেছিল গ্রূপ পর্বেই। ৭ উইকেটের জয়ে নারী ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক জয় রচনা করেছিল ফারজান-রুমানারা। পাঁচ আসরের সবগুলোতেই চ্যাম্পিয়ন ভারত আবার হেরেছে বাংলাদেশের কাছে। নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা।
টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। তার সিদ্ধান্ত যে ভুল ছিল না, তার প্রমাণ দেন বাংলাদেশের বোলাররা। তিনি নিজে এবং নাহিদা আক্তার মিলে চেপে ধরেন ভারতীয় ব্যাটসম্যানদের। সেই চাপে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে মাত্র ২১ রান তোলে। ১২ রানে রান আউটে কাঁটা পড়ে ৭ রান করে আউট হন স্মৃতি মান্ধানা। দলীয় ২৬ রানে দীপ্তি শর্মাকে বোল্ড করে ফেরত পাঠান বাংলাদেশের একমাত্র পেসার জাহানারা আলম।
এরপর থেকেই ছন্দপতন। খাদিজাতুল কুবরার বলে ১১ রানে যখন মিতালি রাজ আউট হন ভারতের সংগ্ৰহ তখন ২৮। দলীয় ৩২ রানে চতুর্থ উইকেটরূপে আউট হন অনুজা পাটিল। ফিল্ডিংয়ে বাঁধা দিয়ে আউট হন তিনি। ভেদা কৃষ্ণমূর্তিকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক হারমানপ্রিত কর। ব্যক্তিগত ১১ রানে কৃষ্ণমূর্তিকে আউট করে ফেরান সালমা খাতুন। ভারতের সংগ্ৰহ তখন ৬২ রানে ৫ উইকেট।
একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান হারমানপ্রিত। ১৫ তম ওভারে রুমানার জোড়া আঘাতে তানিয়া ভাটিয়া ও শিখা পান্ডে আউট হলে চাপে পড়ে ভারত। শেষপর্যন্ত হারমানপ্রিতের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান জড়ো করে ভারত। শেষ বলে হারমানপ্রিত আউট হন ৪২ বলে ৫৬ রান করে। বাংলাদেশের পক্ষ্যে খাদিজা ও রুমানা ২টি এবং জাহানারা ও সালমা ১টি করে উইকেট লাভ করেন।
১১৩ এর লক্ষ্যে শুরুটা ভালো হয় বাংলাদেশের পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই ৩৩ রান করেন শামীমা সুলতানা ও আয়েশা রহমান। সপ্তম ওভারে পরপর দুই বলে আয়েশা (১৭) ও শামীমা (১৬) আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ বাড়ে ১১ রান করা ফারজানা আউট হলে। বাংলাদেশের সংগ্ৰহ তখন ৫৫ রানে ৩ উইকেট।
শেষ ছয় ওভারে বাংলাদেশের দরকার ৪৭ রান। ঝুলন গোস্বামীর ১৫ তম ওভারে টানা তিনটি চারের সাহায্যে ১৬ রান নিয়ে খেলাটা জমিয়ে তোলে নিগার সুলতানা। পরের ওভারে পুনমের চতুর্থ শিকার হয়ে ২৭ করে নিগার আউট হলে ঘড়ির পেন্ডুলামের মত খেলার ভাগ্য দুলে পড়ে ভারতের দিকে।
একবার ভারতের দিকে, পরেরবার বাংলাদেশের দিকে। এভাবেই বদলাতে থাকে ম্যাচের ভাগ্য। শেষ বলের লড়াইয়ে জিতেছে বাংলাদেশ। শেষ বলে জাহানারা এক রানের জায়গায় দুই রান নিয়ে ঐতিহাসিক জয় এনে দিয়েছে নারী ক্রিকেটকে।
চার বছর ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল জয় পায় না টি টোয়েন্টিতে। সেই আক্ষেপ নিয়ে ২০১৮ এশিয়া কাপে আগমন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে বাজেভাবে পরাজয়ে টুর্নামেন্ট শুরু। এর পর বদলে যাওয়া নারী দলের গল্প শুরু। পাকিস্তান ও ভারতকে পরপর হারিয়ে টানা চার জয়ে ফাইনালে বাংলাদেশ। ফাইনালে শেষ বলের রোমাঞ্চে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব বাংলাদেশের বাঘিনীদের।
ছেলেরা বারবার ফাইনাল খেলেও ব্যর্থ হলেও, মেয়েরা এবার হতাশ করেনি। জয় নিয়েই বাড়ি ফিরছে তারা।