বৈশ্বিক অর্থনীতি চাঙা থাকায় বাড়ছে ইস্পাতের চাহিদা। এতে পণ্যটির উৎপাদনও বাড়ছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন (ওয়ার্ল্ডস্টিল) জানিয়েছে, গত মার্চে বৈশ্বিক অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৪ শতাংশ বেড়েছে।
চীনে পরিবেশ রক্ষায় কড়াকড়ি প্রত্যাহার ও আমদানি শুল্কের সুবিধা নিতে মার্কিন উৎপাদকরা উৎপাদন বাড়িয়ে দেয়ার কারণেও পণ্যটির উৎপাদন বেড়েছে।
ইস্পাত খাতকে বিশ্ব অর্থনীতির অন্যতম নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বজুড়ে বছরে ৯০ হাজার কোটি ডলারের ইস্পাত পণ্য কেনাবেচা হয়। ওয়ার্ল্ডস্টিল জানিয়েছে, গত মাসে বিশ্বজুড়ে ১৪ কোটি ৮০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদিত হয়েছে।
ফোর্টেসকিউ মেটালস গ্রুপের চিফ অপারেটিং অফিসার গ্রেগ লিলেম্যান বলেন, ইস্পাতের চাহিদা বৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম। তবে চাহিদা ভালো আছে এবং মজুদ কমে আসছে।
বিশ্বে মোট উৎপাদনের অর্ধেক অপরিশোধিত ইস্পাত আসে চীন থেকে। গত মাসের মধ্যভাগে দেশটিতে পণ্যটির উৎপাদনসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। শীত মৌসুমে ধোঁয়াশা ঠেকাতে পণ্যটির উৎপাদন কমাতে চীন সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
