আইপিএল নিয়ে রয়েছে সমালোচনা, তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তাতে কি? দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। ব্যাট হাতে নিজেকে তুলে ধরছেন অনন্য উচ্চতায়।
সম্প্রতি প্রকাশিত ক্রিকেটে বাইবেল খ্যাত উইজডেনে টানা তৃতীয়বারের মত ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাকের বুধবার প্রকাশিত সংখ্যায় এ বছরের সেরা ক্রিকেটার মনোনীত করা হয়েছে ভারতীয় জাতীয় দলের অধিনায়ককে।
বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে বাকি চার ক্রিকেটার হলেন- জস বাটলার, স্যাম কারান, রবি বার্নস ও ইংল্যান্ডের নারী ক্রিকেটার ট্যামি বিউমোন্ট। এদিকে, নারীদের লিডিং ক্রিকেটারের পুরস্কারও জিতেছে স্বদেশী স্মৃতি মান্দানা।
গত বছর ব্যাট হাতে অন্য সব কিছুকে ছাড়িয়ে গেছেন কোহলি। তার ব্যাট ছিলেন যেন রান মেশিন। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৬৮.৩৭ গড়ে করেন ২৭৩৫ রান। এ সময় ৩৭ ইনিংসে হাঁকিয়েছেন ১১টি সেঞ্চুরি। যার ৭টি এসেছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে।
তার ফলস্বরূপ আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন। তার পারফরম্যান্সের উপর ভিত্তি করে ভারত সেরা টেস্ট দলে নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালে বাংলাদেশ থেকে তামিম ইকবাল উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন।
মূলত ইংলিশ গ্রীষ্মের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই বেছে নেওয়া হয় উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটার। এবার পাঁচ সৌভাগ্যবানদের শীর্ষে কোহলি।

