গর্ডন গ্রিনিজের অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। বাংলাদেশের সাবেক এই কোচই ছিলেন বাংলাদেশের ক্রিকেটে নতুন দিনের বার্তাবাহক। তার অধীনেই কেনিয়াকে হারিয়ে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতেছিল বাংলাদেশ। প্রথমবারের মত জায়গা করে নিয়েছিল বিশ্বকাপে।
সেই বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে সেরা অঘটনের জন্ম দিয়েছিল বাংলাদেশ। এই গর্ডন গ্রিনিজের নেতৃত্বেই ভারতের বিপক্ষে ২০০০ সালে প্রথমবার সাদা পোশাকে মাঠে নেমেছিল টাইগাররা। তাই বাংলাদেশ ক্রিকেটের সাথে মিশে আছে বাংলাদেশের সাবেক কোচ এই ক্যারাবিয়ান।
দুইদিন আগে সেই গর্ডন গ্রিনিজ এখন বাংলাদেশে। হোটেল সোনারগাঁতে সোমবার সাবেক শিষ্যদের সাথে এক মিলনমেলার অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে গ্রিনিজ জানিয়েছেন বাংলাদেশ এখন তার দেশ উইন্ডিজ থেকেও এগিয়ে।
আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গ্রিনিজের দেশ উইন্ডিজের পথে উড়াল দিবে টাইগাররা। এই সফরে বাংলাদেশকেই বেশি এগিয়ে রাখছেন গ্রিনিজ। ক্যারিবিয়ানদের সাম্প্রতিক পারফর্মেন্স বিবেচনায় নিজের দেশকে একেবারেই ফেভারিট মনে করছেন না তিনি।
তার মতে, ‘এখন আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য যে কোনো দলেরই ভালো সুযোগ আছে। তারা খুব ভালো ক্রিকেট খেলছে না। তাদের অনেক ভালো মুহূর্ত আছে এবং একই সঙ্গে খারপ স্মৃতিও রয়েছে। আমি শুধু চাই এটি ভালো একটি সিরিজ হোক এবং খেলোয়াড়রা প্রতি সিরিজে পরিপক্ক হোক।’
তিনি জানিয়েছেন, এদেশের ক্রিকেটকে সর্বদাই অনুসরণ করেন তিনি। তিনি বলেন, ‘আমি কিভাবে বাংলাদেশের ক্রিকেটকে অনুসরণ না করে থাকবো? সেরা খেলোয়াড় নির্বাচন করাটা কঠিন। খেলোয়াড়রা সৌভাগ্যবশত অনেক রান করছে। কিছু হয়তো সফল হচ্ছে না। আমি শুধু দেখতে চাই দল একটা গ্রুপ হিসেবে ভালো খেলছে। আমার কোনো প্রিয় তারকা নেই।’
