এই 'না'তে জড়িয়ে আছে দেশও!




৩১শে মে লর্ডসে অনুষ্ঠিত হবে বিশ্ব একাদশ ও উইন্ডিজ ক্রিকেট দলের মধ্যকার একটি প্রীতি ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে বিশ্ব একাদশ দলে ডাক পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সেখান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। ব্যক্তিগত কারণ দেখিয়ে এ নাম প্রত্যাহার করেছে সাকিব, এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইসিসি।
অবশেষে কারণ জানালেন সাকিব। এই ব্যক্তিগত কারণে জড়িয়ে আছে দেশের স্বার্থও। বর্তমানে ভারতে অবস্থান করছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সেখানে আইপিএলে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ খেলছে দুর্দান্ত। সেখানে সাকিব আল হাসানও উজ্জ্বল স্বমহিমায়। ভারত থেকে সাকিব জানিয়েছেন তার বিশ্ব একাদশকে না খেলার কারণ। আর এখানে আগে প্রাধান্য পেয়েছে নিজের দেশ।
সাকিব জানান, ‘আইপিএলে আমাদের (সানরাইজার্স হায়দ্রাবাদ) ফাইনালে যাওয়ার সুযোগ আছে। তা ছাড়া এমনিতেই অনেক দিন ধরে খেলছি, মৌসুমটা বড়। ২৯ মে যদি আমি ইংল্যান্ডে উড়ে যাই, ৩১ তারিখে খেলে আবার ১ জুন ফিরে আসতে হবে। এরপর ৩ তারিখে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। আমার জন্য এটা ক্লান্তিকর হয়ে যায়।’
ভারতের দেরাদুনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সাকিব চান আফগানদের বিপক্ষে নিজেদের যোগ্যতা দিয়ে লড়াই করে সেরা হতে। সাকিব বলেন, ‘আফগানিস্তান সিরিজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সিরিজে সেরা অবস্থায় থাকতে চাই, যেন পারফর্ম করতে কোনো সমস্যায় পড়তে না হয়। তা ছাড়া বাংলাদেশের খেলাও তো ভারতেই। আমার জন্য ভালো হবে আমি যদি কয়েক দিন বিশ্রাম নিয়ে তারপর খেলতে পারি।’
উল্লেখ্য, সাকিবের বদলি হিসেবে ১৭ বছর বয়সী সন্দ্বীপ  ল্যামিচানের নাম ঘোষণা করেছে আইসিসি।