একটি বিশ্বকাপ যে পাওনা ছিল!




সাকিব আহমেদ
ফুটবল বিধাতা মাঝে মাঝে বড্ড বেশি নিষ্ঠুর হয়ে ওঠেন। এর প্রমাণ মিলেছে অনেকবার। না হলে কেন বিশ্বকাপ জয়ী বুফন একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন না? একজন লিওনেল মেসি কেন তিনটি ফাইনাল খেলেও স্বপ্নের শিরোপা ছুঁয়ে দেখতে পারলেন না? মেসি চোখের জলে হয়ত সেদিন পাথরও গলে যেত, অথচ তাঁর মন গলেনি। উপরের ওই বিধাতা নির্মমচিত্তে ছিলেন নিষ্ঠুর হয়ে।
খেলার দৃশ্যপট বদলে যায়, তার নিষ্ঠুরতা বদলায় না। তিনি নির্বাক হয়েই রচনা করেন ভাগ্য। খেলোয়াড়দের ভাগ্য, একটি দলের ভাগ্য। নাহলে দক্ষিণ আফ্রিকার মতো দল এখনো বিশ্বকাপ বঞ্চিত থাকে! যেই দল প্রতিটিবার সেরা হয়েই বিশ্ব আসরে নাম লিখিয়েছে, সেই দল একবারও সোনায় মোড়ানো ওই ট্রফিটি ছুঁয়ে দেখতে পারে নি। চোকার্স তকমাটা গায়ে লেপ্টে গল্প লিখেছে ব্যর্থতার। যে গল্পে আছে বেদনা, আছে না পাওয়ার আহাজারী। এই গল্প যে মাঝে মাঝে রূপকথার গল্পকেও হার মানাবে। এই গল্পগুচ্ছের কাছে ঈশপের গল্প কিংবা ঠাকুমার ঝুলির মত শ্রেষ্ঠ রূপকথার গল্পও হয়ত মাথা নত করবে। ১৯৯২ থেকে ২০১৫ – সাতটি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার বিদায় ছিল বেদনার। অথচ প্রতিটি বিশ্বকাপের অন্যতম দাবিদার ছিল আফ্রিকার এই দেশটি।
এই দেশেই জন্ম নিয়েছিলেন একজন মহামানবের। দক্ষিণ আফ্রিকার লিম্পপো প্রদেশের বেলে বেলে শহরে ১৯৮৪ সালের ১৭ ফেব্রুয়ারি এক ফুটফুটে শিশুর জন্ম নেয়। বাবা-মা তার নাম রাখেন আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। আজকের ভিলিয়ার্স সেদিনই পৃথিবীর বুকে আলো করে এসেছিলেন সেরা হতে, শ্রেষ্ঠ হতে।
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তার যাত্রা শুরু হয় ২০০৪ সালে। ২০ বছর বয়সী যুবক সে বছরের ১৭ ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে নাম লেখান আন্তর্জাতিক ক্রিকেটে, অভিষেক হয় তার। সাদা পোশাকের এই ক্রিকেটে তিনি ম্যাচ খেলেছে ১১৪টি। ২২টি সেঞ্চুরি, ৪৬টি হাফসেঞ্চুরি ও ৫০.৬৬ গড়ে ৮ হাজার ৭৬৫ রানের মালিক তিনি। টানা ৯৮টি টেস্ট খেলার রেকর্ড আছে তার।
পরের বছর ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে ওই ইংলিশদের বিপক্ষেই ডি ভিলিয়ার্সের ওয়ানডে অভিষেক হয়। ৫০ ওভারের এই ফরমেটে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। ঘুম হারাম করেছেন বোলারদের। ৫০ ওভারে এই ফরম্যাটে তার ম্যাচ ২২৮টি। ৫৩.৫০ গড়ে ৯ হাজার ৫৭৭ রান করেছেন। যেখানে আছে ২৫টি সেঞ্চুরি ও ৫৩টি ফিফটি।
তখন সবে শুরু হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। সবচেয়ে নবীনতম এ ফরম্যাটে ২০০৬ সালে অভিষেক হয় এই ব্যাটসম্যানের। যেখানে ৭৮ ম্যাচে ১০টি হাফসেঞ্চুরি ও ১৩৫.১৬ স্ট্রাইকরেটে এক হাজার ৬৭২ রান করেছেন।
ক্যারিয়ারের শুরুতে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবেই নিজেকে আত্মপ্রকাশ করলেও বর্তমানে তিনি একজন নিখাদ ব্যাটসম্যান, অসাধারণ ফিল্ডার। কিছুদিন আগেই আইপিএলে কি অসাধারণ ক্যাচটাই না ধরলেন। ঠিক যেন একজন সুপারম্যান এসে লুফে নিলেন বলটি। অসাধারণ ভিলিয়ার্সের ৩৬০ ডিগ্রি শটে মুগ্ধতা লেগে থাকত। পিছনে তিনটে স্ট্যাম্প, ভুলে গিয়ে শুয়ে বসে মাঠের চতুর্দিকে চার ছয়ের বন্যায় ভাসানো, আর কেউ পেরেছে কি?
১৬ বলে হাফ সেঞ্চুরি, ৩১ বলে সেঞ্চুরি। সেদিন কি ব্যাটিংটাই না করলেন আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। এখনো যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হয়ে আছে। জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ইএসপিএন’ কর্তৃক ঘোষিত সেরা ১০০ ক্রীড়াবিদের তালিকায় জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের হয়ে ২০১৪ ও ২০১৫ সালে সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন।
২০০৭ সালে নিজের প্রথম বিশ্বকাপে তিনি পারেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে হেরেছে তার দক্ষিণ আফ্রিকা। গেল বিশ্বকাপেও সেই সেমিফাইনালে হার। এবারের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। অশ্রুসিক্ত চোখে চোকার্স দলের একজন সদস্য হয়ে মাঠ ছেড়েছিলেন এই মহাতারকা।
বছর ঘুরে আরো একটি বিশ্বকাপ ডাকছে। বাকি কেবল একটি বছর। এবার আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্সের হাত ধরেই আক্ষেপ ঘুচবে বলে প্রত্যাশা ছিল ভক্তদের। তা আর হতে দিলেন না তিনি। নিজেকে ক্লান্ত দাবি করে, ঘোষণা দিলেন অবসরের।
তিনি ক্লান্ত হতেই পারেন। এই খেলা একজন শ্রেষ্ঠের কাছে সর্বোচ্চ দাবি-ই যে করে। তাই বলে এভাবে মুখ লুকিয়ে পালানো? মেনে নেওয়া যায় কি? তিনি স্তব্ধ করে দিয়েছেন ক্রিকেট দুনিয়া। নির্বাক হয়ে উঠেছেতার ভক্ত-সমর্থকরা। যার হাতে বিশ্বকাপ দেখার স্বপ্ন ছিল, সে এখন এই বিশ্বকাপেই রঙ ছড়াবেন না। মারমার কাটকাট ব্যাটিংয়ে বোলারদের দুঃস্বপ্ন হবেন না। মেনে নেওয়া কষ্টকর। তবুও মেনে নিতে হয়। এই বিদায় বেলা সব থেকে বেশি বেদনার।
ইনিয়েস্তা বিদায় নিয়েছেন দিন কয়েক হলো। এর আগের দিন বুফন। সেই ক্ষত এখনো শুকায়নি। আজো মনে হয় না বুফন-ইনিয়েস্তারা আর কোনো রূপকথা রচনা করবেন না। কারো বিশ্বস্ত হাত গোলবারের সামনে দেয়াল হয়ে দাঁড়াবে না। কেউ ওই সবুজ গালিচায় পায়ের প্রতিটি রাজকীয় পদক্ষেপে শিল্প রচনা করবে না। এই বিষয়গুলো মেনে নেওয়া সম্ভব হয় না।
সে ক্ষতের উপর ‘কাটা ঘায়ে নুনের ছিটে’র মত করেই প্রলেপ লেপ্টে দিয়েছেন আব্রাহাম। তার পিছনে তিন স্ট্যাম্পের কথা ভুলে যাওয়া, অসাধারণ কিছু ফিল্ডিং, দুর্দান্ত ক্যাচ, ব্যাট হাতে বাইশ গজে অবিশ্বাস্য সব ক্রিকেটীয় শট – এই গুলো আর দেখতে পারা যাবে না। ভাবতেই মনের কোণে জমা নেয় বিষাদ। সেই বিষাদ মেঘ হয়ে জড়ো হয়। মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে অশ্রু হয়ে দু’চোখেই কোণ ঘেঁষে। কখনো কখনো দমকা হাওয়ায় উথাল পাতাল করে তোলে মনকে।
বুফন-ইনিয়েস্তার সাথে ডি ভিলিয়ার্সের পার্থক্য একটি জায়গায়। ওই বিশ্বকাপে হাত রাখা হয়নি। ওই স্বপ্নপূরণের শীর্ষ সিংহাসনে চড়ে বসা হয় নি। তাতে কি? একটি ট্রফি কি একজনের গ্রেটনেসের পথে বাঁধা হয়ে দাঁড়ায়? কেবল একটি ট্রফি কারো শ্রেষ্ঠত্বের মাপকাঠি হতে পারে না। ভিলিয়ার্স ছিলেন, আছেন, থাকবেন। তিনি বিদায় নিতে পারেন না। লিজেন্ডদের যে বিদায় হয় না।
বাইশ গজের ওই পিচ আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্সকে মনে রাখবে। ভক্তকুল মনে রাখবে এই মহাতারকার মহান কীর্তি। পাওনা থেকেই গেল একটি বিশ্বকাপ। ভালোবাসা রইলো, রইলো ভবিষ্যতের জন্য শুভকামনা। সব শেষে, সবকিছুর জন্য ধন্যবাদ…