এক সপ্তাহের জন্য বন্ধ রোহিঙ্গাদের খাদ্য সহায়তা




এক সপ্তাহের জন্য বাংলাদেশের কক্সবাজারে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি বন্ধ করে দিয়েছে সরকার। সোমবার ১১ই ডিসেম্বর থেকে ১৭ই ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি বন্ধ রাখতে সব বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক আলি আহমেদ বলেছেন তারা শুধুমাত্র স্থানীয় এনজিওগুলোকে তাদের খাদ্য ত্রাণ কার্যক্রম সাতদিনের জন্য বন্ধ রাখতে বলেছেন। তিনি বলেন, “আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে এবং এগুলো অনেকসময় অপচয় হচ্ছে। প্রত্যেক পরিবারের কাছে যথেষ্ট পরিমাণে খাদ্যসামগ্রী মজুত রয়েছে।”
তার মতে যেহেতু সেখানে ত্রাণের কোন অভাব নেই এবং যেহেতু বাড়তি খাবার তারা মজুত করছে তাই ত্রাণ কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে তারা এই পদক্ষেপ নিয়েছেন এবং এ ব্যাপারে তারা রোহিঙ্গা শরণার্থীদের সাথে বৈঠকও করেছেন বলে জানাচ্ছেন আহমেদ ।
আহমেদ বলেন, “ডাব্লিউ এফ পি তাদের সবাইকে প্রতিমাসে খাবার দিচ্ছে। স্থানীয়ভাবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন যেসব খাবার নিয়ে আসছে সেসব খাবার আবার আমরা তাদের মাঝে বিতরণ করছি। এমনকী অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও তাদের খাবার দিচ্ছে। বিভিন্ন সংগঠনও রান্না করা খাবার দিচ্ছে। ফলে অনেকসময় খাবার অপচয় হচ্ছে। ”
এদিকে শোনা যাচ্ছে যে খাবারগুলো একজন থেকে অন্যজনের কাছে চলে যায়। খাবার বাজারে বিক্রি হয়ে যাচ্ছে এমন কথা শোনা গেলেও “এর কোনরকম প্রমাণ এখনও পর্যন্ত আমরা পাইনি” বলে জানাচ্ছেন আহমেদ।
এদিকে এনজিওগুলোকে কয়েকদিনের জন্য খাদ্য বিতরণ কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। প্রতিটা পরিবারের কার কাছে কতটা খাদ্য আছে তার একটা হিসাব তাদের কাছে আছে।
আরও পড়ুন;
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের  
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক  
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার