এন্টিগায় আজ মাঠে নামবে বাংলাদেশ




সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে বেশ কোণঠাসা তারা। নিজেদের খারাপ সময়কে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার মিশনে এন্টিগায় উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে দ্বিতীয় মেয়াদে সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
অ্যান্টিগার পিচ বরাবরই পেসবান্ধব হয়ে থাকে। সেই সুবিধা নিতেই বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে তিন পেসার। অবস্থা বুঝে তা চারজনও হতে পারে। পেস বোলিং ইউনিট সামাল দেওয়ার রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বির উপর। স্পিন বোলিং ইউনিটের দায়িত্বে বরাবরের মতই থাকবেন অধিনায়ক সাকিব আল হাসান। দুই পেসার নিয়ে খেললে দলে জায়গা পেতে পারেন মিরাজ কিংবা তাইজুলের যে কেউ। কন্ডিশনের বিচারে সে সম্ভাবনা খুবই কম।
অন্যদিকে কিছুদিন আগে শেষ হওয়া সিরিজে লঙ্কানদের বিপক্ষে ১-১ সমতায় টেস্ট ড্র করা উইন্ডিজ দল আছে ফুরফুরে মেজাজে। তাই সিরিজে টেস্ট মেজাজের অভ্যাসটা নিয়েই নামবে স্বাগতিকরা। যেখানে বাংলাদেশ নামছে টি-টোয়েন্টি মেজাজ নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশকে ফর্মে থাকা উইন্ডিজ দলকে সামাল দিতে বেশ বেগই পেতে হবে।
উইন্ডিজ সফরে সবসময় স্মৃতিতে ফিরে আসে ২০০৯ সাল। ৯ বছর আগে যেখানে উত্থান হয়েছিলো নতুন এক বাংলাদেশের। প্রথমবারের মত দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের স্মৃতি আবার ফিরিয়ে আনতে চাইবেন সাকিব, তামিম, মুশফিকরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান ( অধিনায়ক ) , মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, রুবেল হোসেন, শফিউল ইসলাম/ আবু জায়েদ রাহী, কামরুল ইসলাম রাব্বি।
উইন্ডিজের সম্ভাব্য একাদশ : ক্রেইগ ব্রাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেইজ, শেন ডাওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক ), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শেনন গ্যাব্রিয়েল।
আজ রাত আটটায় এন্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। ১২ জুলাই থেকে জ্যামাইকায় হবে ২য় টেস্ট। ২২ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ আর আগস্টের এক তারিখ শুরু হয়ে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শেষ হবে ছয় আগস্ট।