গুগল কয়েক বছর ধরে অনুসন্ধান ও সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার খাতে ব্যবসা জোরদার করছে। এরই ধারাবাহিকতায় পিক্সেল ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে আসে প্রতিষ্ঠানটি। সম্প্রতি পিক্সেল স্মার্টফোনের মাইক্রোফোনে ত্রুটি খুঁজে পাওয়ার কথা জানান দুজন ব্যবহারকারী। এ নিয়ে তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মামলার আবেদন করেছেন।
মামলার আবেদনে ত্রুটিযুক্ত যন্ত্রাংশের ফোন সরবরাহের জন্য তারা গুগলকে দায়ী করেছেন এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর অনুরোধ জানিয়েছেন।
গুগলের পিক্সেল স্মার্টফোনের মাইক্রোফোনে ত্রুটি নিয়ে অভিযোগ করেছেন প্যাট্রিসিয়া উইকস ও ওয়ালিদ আনবার নামের দুজন ব্যক্তি। তারা গুগল সেবা নিয়েও অসন্তুষ্টির কথা জানিয়েছেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদ সাইট আর্স টেকনিকার প্রতিবেদনে বলা হয়, গত বছরের মার্চে প্যাট্রিসিয়া উইকস গুগলকে এ সমস্যা সম্পর্কে জানান। ২০১৬ সালের ডিসেম্বরে তিনি স্মার্টফোনটি কিনেছিলেন। ডিভাইসটি কেনার সময়ে তাকে এক বছর ওয়ারেন্টি দেয়া হয়েছিল।
প্যাট্রিসিয়া উইকস জানান, গুগল মাইক্রোফোনের সমস্যার বিষয়টি স্বীকার করেছে। তবে অর্থ ফেরত কিংবা ডিভাইসটি বদলে দিতে রাজি হয়নি।
অভিযোগে বলা হয়, ডিভাইসটি কেনার সময় প্যাট্রিসিয়া উইকস জানতেন না, পিক্সেল ফোনের মাইক্রোফোনে ত্রুটি রয়েছে। সে সময়ে ত্রুটি সম্পর্কে তাকে জানানো হলে তিনি পিক্সেল ফোন কিনতেন না কিংবা অর্থও পরিশোধ করতেন না।
এদিকে ওয়ালিদ আনবার নামের অন্য গ্রাহক ২০১৬ সালের ডিসেম্বরে তার স্মার্টফোনটি কিনেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি ফোনের সমস্যা সম্পর্কে গুগলকে অবহিত করেন।
২০১৬ সালের এপ্রিলে মটোরোলার সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা রিক অস্টেরলোহকে হার্ডওয়্যার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেয় গুগল। এরপর তার নেতৃত্বেই এসেছে গুগল ব্র্যান্ডের প্রথম পিক্সেল ফোন। ডিভাইস বাজারে এ স্মার্টফোন ভালো সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় গত বছর পিক্সেল ২ ও ২ এক্সএল উন্মোচন করা হয়েছে।
