করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করার জন্য কয়েকটি দেশে বনমানুষ গোত্রীয় প্রাণীদের বাসস্থান লকডাউন করা হয়েছে। এদের মধ্যে আছে, গরিলা, বনোবো, ওরাংওটান ও শিম্পাঞ্জি।
এখন পর্যন্ত এ গোত্রীয় কোনো প্রাণীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া না গেলেও মানুষের সঙ্গে বৈশিষ্ট্যগত সাদৃশ্য থাকায় এগুলোর আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হয়। সে কারণেই বাড়তি সতর্কতা হিসেবে তাদের লকডাউনে রাখার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকার রুয়ান্ডা, উগান্ডা, কঙ্গোসহ অন্যান্য অঞ্চলের কয়েকটি দেশ।
আফ্রিকার ওই তিনটি দেশেই শুধু বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে চিহ্নিত পাহাড়ি গরিলার অস্তিত্ব রয়েছে। তিনটি দেশেই মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। ফলে বিপন্ন জাতের প্রাণীদের রক্ষায় এরই মধ্যে গরিলা পর্যটন বন্ধ করে দিয়েছে তারা।
দেশ তিনটির গরিলাদের জন্য গঠিত চিকিৎসা সংগঠন ‘গরিলা ডক্টরস’-এর প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. কিরস্টেন গিলার্ডি বলেন, ‘আমরা জানি না পাহাড়ি গরিলারা আক্রান্ত হতে পারে কি না। এখনো কোনো প্রমাণ পাইনি। কিন্তু মানুষের সঙ্গে তাদের বৈশিষ্ট্যগত মিল থাকায় আমরা জানি যে তাদের শ্বাসতন্ত্রের সমস্যা হতে পারে।’
জানা যায়, আগে বনমানুষ গোত্রের প্রাণীদের সঙ্গে সাত মিটার দূরত্ব রাখার কথা বলা হলেও এখন ১০ মিটার দূরত্ব রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মেনে চলা হচ্ছে কোয়ারেন্টিনের নিয়ম।
সূত্র : বিবিসি।

