কমদামে আইপ্যাড আনছে অ্যাপল



আইপ্যাড আনতে যাচ্ছে অ্যাপল। শিক্ষার্থী ও শিক্ষকদের সুবিধার্থে নতুন আইপ্যাড আনছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, আগামী মঙ্গলবার শিকাগোর লেন টেকনিক্যাল কলেজ প্রিপ হাইস্কুলে একটি অনুষ্ঠানে সস্তা মূল্যের নতুন আইপ্যাডটি উন্মোচন করবে অ্যাপল। শিক্ষা পণ্যের বাজারে এটি ব্যাপক সাড়া ফেলবে; এমনটাই ধারণা মার্কিন প্রতিষ্ঠানটির। এছাড়া এ অনুষ্ঠানে ক্লাসরুমের জন্য নতুন সফটওয়্যার আনবে প্রতিষ্ঠানটি। বিষয়টি ঘিরে অ্যাপলের কারো বক্তব্য পাওয়া যায়নি।
অ্যাপল প্রতিষ্ঠার পর স্কুলের জন্য পণ্য তৈরি অগ্রাধিকার পেয়েছিল। তবে এ ধারা বেশিদিন স্থায়ী হয়নি। পরে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের পণ্য তৈরি শুরু করে। শিক্ষার্থী ও শিক্ষকদের সুবিধার কথা বিবেচনা করে অ্যাপল এখন স্বল্পমূল্যের আইপ্যাড আনতে যাচ্ছে। গুগল ও মাইক্রোসফট স্বল্পমূল্যের ক্লাসরুম পণ্যে সফলতা পেয়েছে। এ কারণে অ্যাপলও এ ধরনের পণ্য আনতে যাচ্ছে।
শিক্ষা সম্পর্কিত প্রযুক্তিপণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান ফ্রস্ট এন্ড সুলিভান জানায়, গত বছর এ ধরনের পণ্যের বাজার থেকে ১ হাজার ৭৭০ কোটি ডলার রাজস্ব এসেছে।