করোনার প্রকোপ দ. এশিয়ায় ন্যূনতম; আফ্রিকায় সবচেয়ে কম



করোনার প্রকোপ দ. এশিয়ায় ন্যূনতম; আফ্রিকায় সবচেয়ে কম

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ মূলত ১০টি দেশের উপর, আক্রান্তের ৮১ শতাংশ এই ১০ দেশের। এশিয়া মহাদেশ দিয়ে এর যাত্রা শুরু হলেও দক্ষিণ এশিয়াতে করোনায় আক্রান্তের সংখ্যা ন্যূনতম। আর আফ্রিকায় ভাইরাসটি তেমন সুবিধা করতে পারছে না।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় আছে মাত্র শূন্য দশমিক ৪৩ শতাংশ। এ অঞ্চলের ৮টি দেশে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ হাজার ৭৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, চীন থেকে ইউরোপ ঘুরে ভাইরাসটি দক্ষিণ এশিয়ায় এসেছে। এর মধ্যে জিনগত পরিবর্তনের কারণে করোনা দুর্বল হয়েছে। এ অঞ্চলের আবহাওয়াও কাজ করেছে করোনার প্রতিকূলে।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক কাশিম বুখারিসহ বেশ কয়েকজন বিজ্ঞানীর করা গবেষণা বলছে, আক্রান্ত দেশগুলোর গড় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৪ থেকে ৯ গ্রাম। আর এশিয়ার যে দেশগুলোয় বর্ষা মৌসুম আছে, সেখানে করোনাভাইরাসের সংক্রমণ হয়তো কম হবে। কারণ এই অঞ্চলে প্রতি ঘনমিটারে আর্দ্রতার পরিমাণ ১০ গ্রাম পর্যন্ত।

আক্রান্ত শীর্ষ দেশগুলোয় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রবণতা বিশ্লেষণ করে দেখা যায়, সব দেশেই এক থেকে দেড় মাস পরে বড় ধরনের উত্থান ঘটেছে আক্রান্ত মানুষের সংখ্যার।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্র, ২৯ জানুয়ারি ইতালি, ৩০ জানুয়ারি স্পেন, ২৬ জানুয়ারি জার্মানি ও ২৩ জানুয়ারি ফ্রান্সে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তবে দেশগুলোয় করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চে।

একই সময়ে দক্ষিণ এশিয়ায় আঘাত হানে করোনা। ২৩ জানুয়ারি প্রথম করোনা-আক্রান্ত রোগী শনাক্ত করে নেপাল। গতকাল বুধবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন মাত্র ৫ জন। ২৬ জানুয়ারি করোনা শনাক্ত হয় শ্রীলঙ্কায়। এখন সেখানে রোগীর সংখ্যা ১৪৩ জন। ২৯ জানুয়ারি ভারত, ২৩ ফেব্রুয়ারি আফগানিস্তান, ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান, ৫ মার্চ ভুটান, ৬ মার্চ মালদ্বীপ ও সর্বশেষ ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

করোনা শনাক্তের শুরুতেই লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করে নেপাল ও ভুটান। এর ফল পেয়েছে দেশ দুটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ও ভুটানে স্থানীয়ভাবে কেউ করোনায় আক্রান্ত হননি।

দুই দেশের আক্রান্ত ব্যক্তিরা বিদেশফেরত। ভুটানে আক্রান্ত হয়েছেন মাত্র চারজন। একটু দেরিতে হলেও লকডাউন ঘোষণা করে অনেকটা প্রতিরোধ করেছে মালদ্বীপ। দেশটিতে শনাক্ত হয়েছেন ১৮ জন। এ তিনটি দেশে আক্রান্ত ব্যক্তিদের কেউ মারা যাননি।

তবে ভাইরাস প্রতিরোধের কার্যকর ব্যবস্থা হিসেবে আলোচিত লকডাউনের মতো সিদ্ধান্ত নিতে দেরি করায় কিছুটা বিপাকে পড়েছে দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো।

এ কারণেই পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ ও মালদ্বীপে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে রোগীরা। গতকাল পর্যন্ত পাকিস্তানে ১ হাজার ৯৩৮, ভারতে ১ হাজার ৩৯৭, আফগানিস্তানে ১৭৪, শ্রীলঙ্কায় ১৪৩, বাংলাদেশে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির হিসাবে, এ পর্যন্ত ১৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এর মধ্যে করোনা শনাক্ত রোগীর ৮১ শতাংশ মাত্র ১০টি দেশের। এর মধ্যে ৬টি দেশ ইউরোপের এবং ৩টি এশিয়ার।

তবে শীর্ষে রয়েছে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। এককভাবে দেশটিতে শনাক্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৩৪ জন। যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, চীন, জার্মানি, ফ্রান্স, ইরান, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও তুরস্ক মিলে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৭ হাজার ০৮৭ জনে।

আফ্রিকা মহাদেশের ৪৬টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে চিহ্নিত রোগীর মাত্র ১ শতাংশ আছে এ মহাদেশে।

গতকাল পর্যন্ত নিশ্চিত রোগী পাওয়া গেছে ৫ হাজার ৭৭০ জন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় ১ হাজার ৩৫৩ জন। ৩০টি দেশে আছে ৫০-এর কম রোগী। আর ১০টি দেশে রোগী আছে ৭ বা তার কম।