করোনাভাইরাসের মহামারিতে কাঁপছে বিশ্ব। বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় দেশব্যা্পী চলছে অঘোষিত লকডাউন।
এরই মাঝে দেশে ঘূর্ণিঝড়ের আশংকা করছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শেষে ঘূর্ণিঝড় হতে পারে। সেই সঙ্গে হতে পারে বেশ কয়েকটি কালবৈশাখী ঝড়। তাপপ্রবাহের কারণে আকাশে মেঘমালা তৈরি হচ্ছে, আর এই মেঘমালা থেকেই নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপ শক্তিশালী হলেই হবে ঘূর্ণিঝড়। চলতি মাসে এমন ঝড়েরই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শঙ্কা তৈরি করেছে উপকূলের মানুষের জীবনে।
সংশ্লিষ্টরা মনে করছেন, করোনা মহামারীর এই সময়ে ঘূর্ণিঝড় হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে উপকূলের সাধারণ মানুষ। অথচ করোনা প্রতিরোধের অন্যতম শর্ত হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা।
আবহাওয়ার দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে বলা হয়, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০৩ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনের।

