চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস এর কারণে অনেক দেশই কার্যত অচল হয়ে পড়েছে। সেইসাথে স্থবির অর্থনীতির চাকাও।
এবার করোনাভাইরাস বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানালেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানিয়েছেন যে, যেকোনো সময় বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে।
আজ শনিবার(৭ মার্চ) দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, এতে আতংকিত হওয়ার কিছু নেই। এছাড়াও, যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শও দিয়েছেন তিনি। সেইসাথে প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
এসময় তিনি জানান, দেশে একশ ১১ জনকে পরীক্ষা করা হয়েছে, এখন পর্যন্ত কারো শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। যারা করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

