যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করোনা চিকিৎসায় ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শুক্রবার এ ওষুধটি ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটি।
এর আগে গত বুধবার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভির নিয়ে আশার কথা বলেছিলেন মার্কিন গবেষকেরা। ওষুধটি নিয়ে একটি ক্লিনিক্যাল ট্রায়ালে ৩০ শতাংশ দ্রুত রোগীর সেরে ওঠার প্রমাণ পাওয়া যায়।
ইনজেকশন পুশ করার মাধ্যমে রেমডেসিভিরের কার্যকারিতা এমন কিছু রোগীর ক্ষেত্রে পরীক্ষা করা হয়, যাঁরা ক্লিনিক্যাল ট্রায়ালে নাম লেখান।
এ বিষয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প বলেছেন, এ ওষুধ করোনাভাইরাস চিকিৎিসায় ব্যবহার করা যাবে। ওষুধ প্রস্তুতকারক গিলিয়েডের প্রধান নির্বাহী কর্মকর্তা এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন এবং রেমডেসিভিরের ১৫ লাখ ভায়াল দান করবেন।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, আগামী সোমবার হাসপাতালগুলোয় ওষুধ বিতরণ শুরু হবে।
ওষুধটি মূলত ইবোলার চিকিৎসায় তৈরি হয়। সারা বিশ্বের হাসপাতালগুলোর সঙ্গে যুক্ত একটি মার্কিন পরীক্ষায় প্রাথমিক ফলাফলে দেখা গেছে, রেমডেসিভির প্রয়োগে সেরে ওঠার সময় ১৫ দিন থেকে ১১ দিনে নেমে এসেছে। সাধারণ ফ্লুর ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জার ওষুধ তামিফ্লু যে প্রভাব ফেলেছে, এটি তার অনুরূপ।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক অ্যান্টনি এস ফাউসি বলেছেন, তথ্য বলছে, রেমডেসিভির দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পরিষ্কার।
ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে এই ওষুধের কার্যকারিতার প্রমাণের পর একেবারে আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহৃত হচ্ছিল। তবে এফডিএর অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে ডাক্তাররা এখন থেকে এই ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন।

