কালো ব্যাজ পড়ে খেলবে বাংলাদেশ




১২ই মার্চ, ২০১৮। বাংলার আকাশ বাতাসে শোকের মাতম। নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে বিধ্বস্ত ইউ এস বাংলার একটি বিমান। অকালেই ঝরে পড়েছে অনেক প্রাণ, পুড়েছে তাদের দু’চোখ জুড়ে থাকা হাজারো স্বপ্ন।
এ ঘটনায় স্তব্ধ গোটা দেশ। শোকের ছায়া নেমে এসেছে এই বাংলাদেশে। এদেশের মানুষের মত এই শোক ছুঁয়ে গেছে শ্রীলঙ্কায় থাকা টিম বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়ের মাঝে। তাঁরাও স্তব্ধ, মর্মাহত।
টাইগারদের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মাহমুদুল্লাহ রিয়াদ, ‘এটা খুবই বেদনাদায়ক। আমার এবং আমার টিমের পক্ষ থেকে সম্পূর্ণ সমবেদনা উনাদের পরিবার এবং সবাইকে। এটা খুবই মর্মান্তিক।’
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে কালো ব্যাজ পড়ে মাঠে নামবে বাংলাদেশ বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
খালেদ মাহমুদ সুজন বলেন, ‘শোক তো আমরা কেবল দেখাতে পরই কালো একটা ব্যাজ পড়ে। মন থেকে সবাই খুব শোকাহত।’
দুর্ঘটনায় নিহতদের পাশে দাঁড়াতে দেশবাসী ও সরকারকে আহ্বান জানিয়েছেন ক্রিকেটাররা।