কৃষিপণ্যের সাপ্তাহিক বাজারে নিম্নমুখী প্রবণতা



কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে গম, ভুট্টা ও সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমেছে।
পর্যাপ্ত সরবরাহ ও বেচাকেনা বেশি হওয়ায় এ সময় সিবিওটিতে কৃষিপণ্যের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
সিবিওটির প্রাইস ইনডেক্স অনুযায়ী, ২২ জুন শেষ হওয়া সপ্তাহে গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৬৫ শতাংশ কমেছে। এ সময় জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল গমের (৬০ পাউন্ড) গড় দাম ছিল ৪ ডলার ৯১ সেন্ট, যা আগের সপ্তাহের গড় দামের তুলনায় ৮ দশমিক ২৫ সেন্ট কম। একইভাবে সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কমেছে। এ সময় জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার গড় দাম দাঁড়ায় ৩ ডলার ৫৭ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ৪ সেন্ট কম।
চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বিরোধের জের ধরে সিবিওটিতে কিছুদিন থেকেই সয়াবিনের দাম কমতির দিকে ছিল। এখনো কৃষিপণ্যটির দামে একই প্রবণতা বজায় রয়েছে। সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ২১ শতাংশ কমেছে। এ সময় জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম দাঁড়ায় ৮ ডলার ৯৫ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১১ সেন্ট কম।