জমজমাট ইতালীয় লীগ 'সিরি-আ'




শেষ ম্যাচে ন্যাপলীর কাছে হেরেছে জুভেন্টাস। আর তাতেই ইতালীয় লীগ ‘সিরি-আ’ লড়াই উন্মুক্ত হয়ে গেছে। ন্যাপলী থেকে কেবল এক পয়েন্ট এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
ইউরোপ জুড়ে ইতালীয় দল হিসেবে বেশ কয়েক বছর ধরেই আধিপত্য শুধুমাত্র জুভেন্টাসের। চ্যাম্পিয়ন্স লিগ কিংবা নিজেদের লীগ – তাদের ধারে কাছে কেউ থাকতে পারে না। ইউরোপ সেরার লড়াইয়ে ইতালির একমাত্র প্রতিনিধি হিসেবে জুভেন্টাস-ই লড়াই চালিয়ে যায়।
সেই প্রথা বাদ গেছে এবার। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে ইতালির দলটি। তার পরিবর্তে ইতিহাসের অন্যতম সেরা কামব্যাকে বার্সেলোনাকে হারিয়ে সেমি ফাইনাল খেলবে রোমা।
চ্যাম্পিয়ন্স লিগের পর এবার নিজেদের লিগেও জুভেন্টাসের আধিপত্যে বাঁধ সেধেছে ন্যাপলী। জুভেন্টাসকে হারিয়ে জমিয়ে দিয়েছে লীগ, পিছিয়ে আছে এক পয়েন্টে। ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। সমান সংখ্যক ম্যাচে ৮৪ পয়েন্ট ন্যাপলীর। এক ম্যাচে পা হড়কালেই শিরোপা হাতছাড়া হতে পারে বুফন-দিবালাদের।
ইউরোপের শীর্ষ লীগগুলো এখন নিষ্প্রভ। ইংলিশ লিগে ম্যানচেস্টার সিটি ইতোমধ্যেই শিরোপা নিশ্চিত করেছে। বুন্দেসলিগা থেকে বায়ার্ন মিউনিখ ও ফ্রেঞ্চ লীগ থেকে পিএসজির শিরোপা জয় নিশ্চিত। বার্সেলোনা এক ম্যাচ দূরে আছে লীগ শিরোপা জয় থেকে। সেখানে কেবল সিরি-আ এখনো প্রতিদ্বন্দিতাপূর্ন। ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন ইতালীয় লীগ।
ন্যাপলী কিংবা জুভেন্টাস, দুটি দলেরই বাকি আছে চারটি ম্যাচ করে। লীগ জিততে হলে এই চারটি খেলা প্রতিটি দলের জন্যই গুরুত্বপূর্ণ।
জুভেন্টাসের শেষ চার ম্যাচ :
২৮শে এপ্রিল, প্রতিপক্ষ ইন্টার মিলান
৫ই মে, প্রতিপক্ষ বোলোগনা
১৩ই মে, প্রতিপক্ষ এ এস রোমা
৩০শে মে, হেলাস ভেরোনা
ন্যাপলীর শেষ চার ম্যাচ :
২৯শে এপ্রিল, প্রতিপক্ষ ফিওরেন্টিনা
৬ই মে, প্রতিপক্ষ টরিনো
১৩ই মে, প্রতিপক্ষ সাম্পদরিয়া
২০শে মে, প্রতিপক্ষ ক্রটোন