ব্রাজিল মানেই হলুদ জার্সি। তবে জানেন কি, এক সময় ব্রাজিলের হোম জার্সিটি ছিল সাদা! ১৯৫০ সালে মারাকানা স্টেডিয়ামে বিপর্যয়ের পর থেকে সেই সাদা জার্সি তুলে রেখেছিল পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলটি।
দীর্ঘ ৬৯ বছর পর আবার সাদা জার্সিতে ব্রাজিল। এবারের কোপা আমেরিকা জয় দিয়েই শুরু করেছে নেইমার বিহীন ব্রাজিল। বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের আধিপত্য জানান দিয়েছে তারা।
সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে বলিভিয়াকে নিয়ে ছেলেখেলা করেছে ব্রাজিল। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নেয় ব্রাজিল। যেখানে স্পষ্ট আধিপত্য রেখেই ম্যাচের গতিপথ নির্ধারণ করে স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধে উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি তিতের দল।
বিরতির পর ফিরেই ম্যাচের ভাগ্য ঠিক করে দেন বার্সেলোনার মিডফিল্ডার কুতিনহো। ৫০ থেকে ৫৩—এ চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন কুতিনহো। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে বলিভিয়ার জালে শেষ গোলটি এভারটনের।
নেইমারের অভাব ঠিক বুঝতেই পারেনি ব্রাজিল। প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পেনাল্টি পেয়ে স্পটকিক থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন কুতিনহো।
এর ঠিক তিন মিনিট পর রিচার্লিসন-ফিরমিনো-কুতিনহো অসাধারণ বোঝাপড়ায় দ্বিতীয় গোলটি পেয়ে যায় ব্রাজিল। রিচার্লিসনের পাস, ফিরমিনোর ক্রস এবং কুতিনহোর গোল; ২-০ তে এগিয়ে ব্রাজিল।
ম্যাচের সবচেয়ে সুন্দর গোলটি ডেভিড নেরেসের বদলি হয়ে মাঠে নামা এভারটনের। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে কাট করে ভেতরে ঢুকে ২০ গজ দূর থেকে দারুণ বাঁকানো শটে গোলটি করেন গ্রেমিও ফরোয়ার্ড। ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে এটা তাঁর প্রথম গোল।
দলের মধ্যে অসাধারণ বোঝাপড়া, আধিপত্য রেখে জয়, এসব দিয়ে ব্রাজিল প্রমাণ দেয় এবার তারা ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ।

