টেস্ট ক্রিকেট অতো সহজ নয়!




প্রথমের রোমাঞ্চটা সবার জন্যই অন্যরকম। কিছুদিন আগে সেই রোমাঞ্চের ছোঁয়া পেয়েছিল আয়ারল্যান্ড। আজ আফগানিস্তান সেই রোমাঞ্চে রোমাঞ্চিত। কেননা, ১৩তম দল হিসেবে টেস্ট খেলতে নামছে এশিয়ার যুদ্ধবিধ্বস্ত দেশটি
তবে, আফগানিস্তানের জন্য সুখকর হয়নি প্রথমের এই রোমাঞ্চ। ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেই হারিয়েছে প্রথম সেশনেই।
টসে জিতে প্রথমে ব্যাট করা ভারত প্রথম সেশনেই তুলে নিয়েছে ১৫৮ রান। কোনো উইকেট তখন পর্যন্ত তুলে নিতে সক্ষম হননি আফগানিস্তানের বোলাররা। মাত্র ২৭ ওভারের এই সেশনে ৫.৮৫ রানরেটে এই রান সংগ্ৰহ করে ভারত। গায়ে সাদা পোশাক না থাকলে হয়ত টেস্টকে ওয়ানডে ভেবে ভুল হতেও পারত।
মুরালি বিজয় ৭২ বলে মাত্র ৪১ করলেও ওপর প্রান্তে শিখর ধাওয়ান ছিলেন খুনে মেজাজে। কোনো বোলারকে পাত্তা না দিয়ে ৯১ বলার ১০৪ রানে অপরাজিত থেকে প্রথম সেশন পর করেন তিনি। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রথম দিনের প্রথম সেশনেই সেঞ্চুরির দেখা পান ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যান। এর আগে এমন কীর্তি ছিল কেবল অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। পাকিস্তানের বিপক্ষে তিনি এই কীর্তি গড়েন।
আফগান বোলার ইয়ামিদ আহমদযাই ৪ ওভারে ১৮, ওফাদার ৮ ওভারে ২৫, মোহাম্মদ নবী ৪ ওভারে ২২, রশিদ খান ৭ ওভারে ৫১ এবং মুজিব উর রহমান ৪ ওভারে ৩২ রান করে দিয়েছেন।
কিছুদিন আগে বাংলাদেশকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা আফগানিস্তান ভিন্ন ফরমেটে তিক্ত স্বাদ পেতে চলেছে প্রথম দিনেই। ক্রিকেট যে এত সহজ নয়, বিশেষ করে টেস্ট ক্রিকেট। আফগানিস্তান হয়ত বুঝতে পারবে অচিরেই।