ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)কে বলা হয় দেশীয় ক্রিকেটের প্রতিভা বিকাশের মঞ্চ। অভিজ্ঞরা যেমন নিজেদের সেরাটা নিংড়ে দেয়, তেমনি তরুণরাও প্রমাণ করে নিজেদের সামর্থ্যের। জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য সব থেকে বড় এ আসরে নজর করেছে অনেক তরুণ ক্রিকেটাররা।
ইএসপিএন ক্রিক-ইনফো তাদের এক প্রতিবেদনে এমন পাঁচ ক্রিকেটার খুঁজে বের করেছে :
১. নাজমুল হোসেন শান্ত : এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক আবাহনীর এই তরুণ। আবাহনীর ১৯তম শিরোপা জয় তার অবদান অনস্বীকার্য। পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি ছিলেন উজ্জ্বল। তার দুটি অর্ধশতকের বিপরীতে করেছেন চারটি শতক। সর্বমোট রান সংখ্যা ৭৪৯। ৯৭.৫২ স্ট্রাইক রেটে তিনি এ রান করেন। আসরে ৫০০ বা ততোধিক রান করা ব্যাটসম্যানদের মধ্যে কেবল নুরুল হাসান সোহান-ই এগিয়ে আছে। শিরোপা জয়ের পর মাশরাফি বলেন, জাতীয় দলের জন্য তৈরি হতে শান্তর কিছু সময় প্রয়োজন।
২. নাঈম হাসান : অনূর্ধ্ব-১৯ দলের এ অফস্পিনার নজর করেছিলেন আগেই। সে ফলশ্রুতিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলেও ডাক পান, যদিও মাঠে নামা হয়নি। গাজী গ্রূপ ক্রিকেটার্সের হয়ে স্লো ছড়িয়েছেন তিনি। মাত্র ৪.৭ ইকোনোমিতে ২৩ উইকেট তুলে নেন, ৪/৫৩ বেস্ট বোলিং তার এই আসরে।
৩. মাহিদুল ইসলাম : অনূর্ধ্ব-১৯ দলের আরেক সদস্য মাহিদুল নিজেকে প্রমাণ করেছেন ব্যাট হাতে। আসরে উইকেট রক্ষক ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান তার। ১৬ ম্যাচে ৪০.৬০ গড়ে ৬০৯ রান করেন তিনি। অগ্রণী ব্যাংকের বিপক্ষে ১১৫ রান এ আসরে তার সর্বোচ্চ রান।
৪. মোহাম্মদ নাঈম : আরো একজন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার নজর কেড়েছেন এবারের ডিপিএল-এ। লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে ১৬ ম্যাচে ৫৫৬ রান করেন তিনি, যেখানে তার সর্বোচ্চ ইনিংস ৯৩। লম্বা ইনিংস খেলতে না পারলেও, তার ধারাবাহিকতা মুগ্ধতা ছড়িয়েছে।
৫. রবিউল হক : তরুণ এই পেসার বল হাতে নিজের সামর্থ দেখিয়েছেন। ধারাবাহিক সাফল্যে ৪.৪৭ ইকোনোমিতে ১৬.৬৬ গড়ে ২৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। তার একমাত্র পাঁচ উইকেট এসেছিল লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে।
