ঢাবির ঘ ইউনিটের পুনঃপরীক্ষায় বাদ উত্তীর্ণদের অর্ধেক



ঢাবির ঘ ইউনিটের পুনঃপরীক্ষায় বাদ উত্তীর্ণদের অর্ধেক

 ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের পুনঃ ভর্তি পরীক্ষায় ৬১.১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। আজ সোমবার বিকেলে এই ফল প্রকাশ করা হয়। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিন বিভাগের শিক্ষার্থীরাই এই ইউনিটে পরীক্ষা দিয়েছেন৷ গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়৷

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবার উত্তীর্ণ মোট ১৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে থেকে ১৬ হাজার ১৮১ জন গত শুক্রবার দ্বিতীয় দফায় পরীক্ষায় বসেন।

এদের মধ্যে নয় হাজার ৮৮৬জন পাস করেছেন বলে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।দ্বিতীয় দফার পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ১০ শতাংশ।

পরীক্ষার বিস্তারিত ফলাফল ও ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট admission.eis.du.ac.bd  থেকে পাওয়া যাবে।

এছাড়া যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

‘ঘ’ ইউনিটের প্রথম দফা ভর্তি পরীক্ষা হয় গত ১২ অক্টোবর। সেদিন পরীক্ষা শুরুর পৌনে এক ঘণ্টা আগে হাতে লেখা প্রশ্নপত্রের ১৪টি ছবি এক শিক্ষার্থীর মোবাইল ফোনে আসে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের পর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি স্বীকার করে নিলেও ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় ‘ঘ’ ইউনিটের প্রথম ১০০ জনের তালিকায় থাকা অন্তত ৭০ জন ভর্তিচ্ছু অন্য ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে  উত্তীর্ণই হতে পারেননি।

ওই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া এক শিক্ষার্থীর বাবা ফল বাতিল চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করেন। সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগও নতুন করে পরীক্ষা নেওয়াসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়। এর মাঝে প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ঘোষিত ফলাফলে উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৪ জন শিক্ষার্থীকে নতুন করে পরীক্ষা করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।