তাপসের ছেড়ে দেয়া আসনে লড়তে চান সাঈদ খোকন



তাপসের ছেড়ে দেয়া আসনে লড়তে চান সাঈদ খোকন

ঢাকা-১০ আসনে উপ-নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন।

আওয়ামী লীগের দফতর সূত্রে জানা যায়, ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন মেজর ইয়াদ আলী ফকির, শফিউল ইসলাম মহিউদ্দিন, অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান, কাজী মোর্শেদ হোসেন কামাল এবং সাঈদ খোকন।

আগামী ২১ মার্চ এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনের সাংসদ ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সাংসদ শেখ ফজলে নূর তাপস। তিনি গত ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ডিএসসিসির মেয়র পদে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি এই আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে মেয়র পদে দলের সমর্থন না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন সাঈদ খোকন। এখন ঢাকা-১০ আসনে উপনির্বাচনে দলীয় সমর্থন চেয়েছেন তিনি। আগামী ১৭ মে পর্যন্ত ডিএসসিসির মেয়র হিসেবে সাঈদ খোকনের দায়িত্ব পালন করার কথা রয়েছে।

সাঈদ খোকন বলেন, ‘আমি সফলতার সঙ্গে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আগ্রহী। তাই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি দল আমাকে সমর্থন দেবে।’