তারা চলে যায়, রেখে যায় স্মৃতি!




মেসি হাতটা বাড়িয়ে দিয়েছে। নিজের আর্ম ব্যান্ড খুলে মেসির হাতে পড়িয়ে দিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। শক্ত করে আলিঙ্গন করলেন নিজের প্রিয় বন্ধুটিকে। হয়ত কানে কানে বললেন, ‘প্রিয় ক্লাবটিকে রেখে গেলাম, দেখে রেখো বন্ধু।’ তারপর হেটে যাওয়া। সতীর্থদের সাথে শুভেচ্ছা বিনিময়, আলিঙ্গনে ব্যস্ত আন্দ্রেস। তখনও খেলার শেষ হয়নি। তারপরও সময় থমকে দাঁড়িয়েছিল। ইচ্ছে করছিল, এই সময়টাকে থামিয়ে দিতে। তাহলে যে সে মাঠ ছেড়ে উঠে যেতে পারবে না।
তারা চলে যায়, রেখে যায় স্মৃতি!
আন্দ্রেস ইনিয়েস্তা হেটে যাচ্ছেন ডাগ আউটের দিকে। পুরো ক্যাম্প ন্যু তখন দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে। এই জিনিসের সাথে খুব পরিচিত ইনিয়েস্তা। মাঠ ভিন্ন হতে পারে, কিন্তু ভালোবাসাগুলো একই থাকে। প্রতিটি মাঠ ছেড়ে উঠে যাওয়ার সময় দাঁড়িয়ে সম্মান পাওয়া অনেকটা নিয়মেই পরিণত করেছিলেন এই ফুটবল বিস্ময়। ডাগ আউট যেয়ে বসলেন তিনি। থমকে যাওয়া সময়টুকু হঠাৎ করেই সচল হয়ে উঠল। খেলা শুরু হলো। কিন্তু ক্যামেরা বারবার খুঁজে নিচ্ছে নিথর হয়ে বসে থাকা আন্দ্রেস ইনিয়েস্তাকে।
সে বুঝতে পারছে, সময় ঘনিয়ে আসছে। এবার ছেড়ে যেতে হবে। প্রিয় ক্লাব, যাকে সর্বস্ব দিয়ে আগলে রাখা হয়েছিল। তাকে ছেড়ে যাওয়ার বেদনা হয়ত তিনিই বুঝবেন। তিনি বুঝবেন, যেদিন পুয়োল, জাভি, দানিরা ছেড়ে গিয়েছিল তাদের মনের গোপনে থাকা বেদনাকে। চোখের কোনে জল আটকে রাখার চেষ্টা চলছে, কিন্তু পারা কি যায়? অশ্রুগুলো বেদনা হয়ে ঝরে পড়ে। ইনিয়েস্তা এই সবুজ গালিচার সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠেছেন, সেই উপর থেকে ঝরছে অশ্রুগুলো। পড়ছে মাটিতে। আর যে খেলা হবে না, এই সবুজ মাঠে স্মৃতির বিচরণ হবে ঠিকই। কিন্তু ইনিয়েস্তা নামক মহামানব আর তার পদক্ষেপ রেখে যাবে না।
তারা চলে যায়, রেখে যায় স্মৃতি!
ইনিয়েস্তা চলে যাচ্ছে, এই কথাটি একজন বার্সেলোনা সমর্থকের বুকের ভেতরটা তছনছ করে দিতে যথেষ্ট। এই কষ্টে বুক ভেঙে জল নামে, সেই জল জমে দু’চোখের কোণে। কখনো কখনো তা বেয়ে পড়ে অঝরে। বেঁধে রাখা যায় না। তাকে ছেড়ে দিতে ইচ্ছে করে না। তবুও এই নির্মম সত্যটাকে মেনে নিতে হয়। কষ্টের পাথর বুকে চাপা দিয়ে ধন্যবাদ দিতে হয়। ইনিয়েস্তাদের যে বিদায় হয় না। তারা মিশে রয় হৃদয়ে, মিশে থাকে প্রিয় ক্লাবের প্রতিটি সাফল্যে।
ফুটবল ভালোবেসেছিলাম রোনালদিনহো-মেসির যুগলবন্দীতে। সেই রোনালদিনহো ছেড়ে গেছেন অনেক আগেই। এরপর জাভি-ইনিয়েস্তা-মেসির অসাধারণ ত্রয়ীর গল্পগাঁথা। পেছনে পুয়োল, পিকে, দানি আলভেসদের রক্ষাকবজ। ভালদেসের বিশ্বস্ত হাত। আর সামনে ভিয়া, পেদ্রোদের কি দুর্দান্ত আক্রমণ। এবং তাদের সাথে একজন মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা।
ফুটবলের ভালোবাসায় রাত জাগাটা নিয়মে পরিণত করেছিল এই একটি দল। এক এক করে সব চলে যাচ্ছে। রেখে যাচ্ছে স্মৃতি। তাদের গড়ে দেওয়া দলটি আজো লড়াই করে। কিন্তু ওরা যে থাকে না। থেকে যায় ওদের অনুপ্রেরণ। একদিন হয়ত মেসিও বিদায় নেবে। নতুন কারো হাতে তুলে দিবে বার্সেলোনা চালানোর জাদুকাঠি। এই পরম্পরা চলতেই থাকবে, যুগ যুগ ধরে। তাদের জায়গায় অনেকেই আসবে, হয়ত সেরাও হবে। কিন্তু তাদের জায়গাটা পূরণ করতে পারবে না।
তারা চলে যায়, রেখে যায় স্মৃতি!