ত্রুটি ধরিয়ে আড়াই লাখ ডলার জেতার সুযোগ



মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের চিপে মেল্টডাউন বা স্পেকট্রার মতো ত্রুটি ধরিয়ে দিতে পারলে আড়াই লাখ ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে।
মার্কিন প্রতিষ্ঠানটির বাউন্টি কর্মসূচি ‘স্পেকুলেটিভ এক্সকিউশন’ সাইড চ্যানেলের দুর্বলতা খোঁজার অংশ হচ্ছে এ পুরস্কার।
মাইক্রোসফট এক ব্লগপোস্টে জানায়, চলতি বছরের জানুয়ারিতে চিপের দুর্বলতা সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন দুর্বলতা বিষয়ে গবেষণায় উৎসাহ দিতে বাউন্টি কর্মসূচি চালু করা হয়েছে।
মাইক্রোসফটের নিরাপত্তা ব্যবস্থাপক ফিলিপ মিশনার বলেন, স্পেকুলেটিভ এক্সকিউশন হচ্ছে প্রকৃতপক্ষে নতুন এক দুর্বলতা। নতুন আক্রমণ পদ্ধতি সম্পর্কে জানতে এরই মধ্যে গবেষণা শুরু হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাগ বাউন্টি কর্মসূচি চালু থাকবে।
সম্প্রতি গুগলের সাইবার নিরাপত্তা গবেষকরা ইন্টেল, এএমডি ও এআরএমের চিপে ত্রুটি শনাক্তের তথ্য প্রকাশ করেন, যা অধিকাংশ কম্পিউটিং ডিভাইস থেকে সংবেদনশীল তথ্য চুরিতে হ্যাকারদের জন্য সহায়ক হতে পারে।