দুর্দান্ত মেসি, চ্যাম্পিয়ন বার্সেলোনা




তখন ৮০ মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটার টিকটক টিকটক শব্দ জানান দিচ্ছে একটু একটু করে শেষের দিকে এগিয়ে যাচ্ছে খেলাটা। ২-২ গোলে সমতা থাকা ম্যাচের ভাগ্য কি হবে, তা বলা যাচ্ছে না। চ্যাম্পিয়ন হতে হলে গোল দিতে হবে বার্সেলোনার, নাহলে অপেক্ষাটা একটু বাড়বে শিরোপা জয়ের। ঠিক তখনই দেবদূতের মত আবির্ভাব আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। বার্সা সুলভ অসাধারণ ফুটবলের নিদর্শন রেখে লুই সুয়ারেজের পাস থেকে গোল করলেন মেসি। বার্সা এগিয়ে গেল, শিরোপার দিকে এক পা দিয়ে রাখল।
পুরো শিরোপা উঁচিয়ে ধরা নিশ্চিত করতে আবারো মেসি ম্যাজিক। ৮৬ মিনিটে সুয়ারেজের পাস থেকে আবারো গোল করে নিশ্চিত করলেন নিজের হ্যাটট্রিক। সেই সাথে বার্সেলোনাকে ২৫ তম শিরোপা পাইয়ে দিতে নিজের সেরাটা ঢেলে দিলেন ফুটবল দুনিয়ার সেরা এই তারকা। আর তাই শেষ বাঁশি বাজার সাথে সাথে উৎসবে মেতে উঠল কাতালান এই দলটি। চার ম্যাচ হাতে রেখেই জিতেছে বার্সেলোনা।
পথ এতটাও মসৃন ছিল না বার্সেলোনার জন্য। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ম্যাচের ৭ মিনিটেই ডেম্বেলের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফিলিপ কুতিনহো। ১৬ মিনিটে কর্ণার থেকে গোল করে বসে ডেপর্তিভো লা করুনা। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল করেন সাইড লাইনে দাঁড়িয়ে থাকা রেফারি। দুই দলই এরপর আক্রমণ চালিয়ে যেতে থাকে। কিন্তু কাজের কাজ কিছু হয় না। গোল বঞ্চিতই থেকে যায় দুই দল।
খেলার বয়স যখন ২৮ মিনিট ডি বক্সের একটু বাইরে থেকে মেসির দুর্দান্ত বাঁকানো ফ্রি কিক কর্ণারের মাধ্যমে প্রতিহত করেন ডেপর্তিভো গোলরক্ষক রুবেন মার্টিনেজ। সেই কর্ণার থেকে পাওয়া বল গোলপোস্টের বাইরে দিয়ে পাঠালে সহজ সুযোগ নষ্ট হয় কুটিনহোর। ফলে ব্যবধান দ্বিগুণ করা হয়নি বার্সেলোনার। এর পরের ঠিক পাঁচ মিনিট বার্সার অগ্নি পরীক্ষা নেয় স্বাগতিক লা করুনার আক্রমণভাগ। কপাল গুনেই কিনা, কিংবা স্বাগতিকদের ব্যর্থতায় এ যাত্রায় রক্ষা পায় লিগের শীর্ষ দলটি। সেই ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে ৩৮ মিনিটে ২-০ গোলে এগিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যায় বার্সেলোনা। সুয়ারেজের দুর্দান্ত ভলি থেকে গোল করেন লিওনেল মেসি।
কিন্তু সফরকারীদের কিছুতেই স্বস্তির নিশ্বাস ফেলতে দিতে রাজি নয় স্বাগতিকরা। ৪০ মিনিটের সময় বোরহা ভ্যালির অসাধারণ পাস থেকে গোল করে খেলাটা জমিয়ে তোলেন লুকাস পেরেজ। ২-১ এ পিছিয়ে থেকে অর্ধ বিরতিতে যায় ডেপর্তিভো লা করুনা।
অর্ধ বিরতি থেকে ফিরে স্বাগতিকদের চেপে ধরে বার্সেলোনা। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখে ডেপর্তিভো লা করুনা ডিফেন্ডারদের। কিন্তু মেসি-সুয়ারেজদের সুযোগ নষ্টে ব্যবধানে বাড়েনি। অন্যদিকে সুযোগ কাজে লাগিয়ে খেলায় সমতা নিয়ে আসে লা করুনা। ৬৩ মিনিটের সময় সেলসো বরজেসের পাস থেকে গোল করেন এমরি কোলাক।
এরপর থেকে গোল দিতে মরিয়া বার্সেলোনা একের পর এক আক্রমণ চালিয়ে যায়। পাল্টা আক্রমণ চালায় ডেপর্তিভোও। কিন্তু কোনো পক্ষই জালে বল জড়াতে পারেনি। খেলা যখন শেষ দশ মিনিট প্রবেশ করে, একটু একটু করে শেষের দিকে এগিয়ে যেতে থাকে – তখনই মেসি ম্যাজিকে সব লন্ডভন্ড হয়ে যায়।
স্বাগতিকদের স্বপ্ন ভেঙ্গে শেষভাগে এসে জোড়া গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ন করেন। এর ফলে ২৫ তম লা লিগা শিরোপা ঘরে তুলল কাতালান দলটি। এবারের লিগে এখন পর্যন্ত অপরাজিত আছে তারা। আগামী ম্যাচে ৬ই মে দিবাগত রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন বার্সেলোনা।
 
গত ম্যাচে সেভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে কোপা ডেল রে শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। আজ লা লিগা জয়ের মধ্য দিয়ে লিগ ডবল জিতল তারা। এ মৌসুমে মোটে দুইটি ম্যাচ হেরেছে মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তারা। কোপা ডেল রে’তে ইস্প্যানিওলের বিপক্ষে পরাজয় বিপদে না ফেললেও, চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ৩-০ গোলের হার বাড়ির পথ দেখিয়েছে। নাহলে হয়ত চ্যাম্পিয়ন্স লিগেও টিকে থাকত এ মৌসুমে দুর্দান্ত খেলা বার্সেলোনা।