দ্বিতীয় ধাপে দেশের ১১৬ উপজেলায় ভোট আজ


UP

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় দেশের ১১৬টি উপজেলায় ভোট আজ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

১১৬টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩শ’ ৭৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫শ’ ৩৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩শ’ ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে আজ ১২৯টি উপজেলায় ভোটগ্রহণের কথা ছিলো।

তবে, প্রতিদ্বন্দ্বী থাকা না থাকাসহ নির্বাচন হচ্ছে না ১২ উপজেলায় এবং আদালতের নির্দেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে, নির্বাচনের আগে পক্ষপাত ও অনিয়মের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া ও গাইবান্ধার ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার ও ৪ জনকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় গত ১০ মার্চ ৭৮ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।