প্রসারিত হচ্ছে মহাবিশ্ব। বিজ্ঞানীরা বলছেন, মহাবিস্ফোরণ (বিগ ব্যাং) এর মাধ্যমে সৃষ্টির পর থেকেই প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে মহাবিশ্ব। বিভিন্ন গবেষণায় সম্প্রসারণের গতিবেগ সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের অনুমানের চেয়েও প্রায় ৯ শতাংশ বেশি দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে মহাবিশ্ব, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)
সম্প্রতি ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারস’ এ একটি প্রতিবেদন প্রকাশিত হয় মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে। নাসার জ্যোতির্বিজ্ঞানীদের বলেন, ‘হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে তারা মহাবিশ্বের সম্প্রসারণের এই গতিবেগ সম্পর্কে নিশ্চিত হয়েছেন।’
পৃথিবীর কাছের ছায়াপথের ৭০টি নক্ষত্রের ওপর গবেষণা চালায় জনস হপকিন্স ইউনিভার্সিটির পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক এবং নোবেলজয়ী বিজ্ঞানী অ্যাডাম রেইসের নেতৃত্বে একদল গবেষক। তারা নক্ষত্রগুলোর উজ্জ্বল আলো নিয়ে বিস্তর গবেষণা করেন।
কক্ষপথে ঘূর্ণায়মান প্রত্যেকটি নক্ষত্রকে ৯০ মিনিট করে পর্যবেক্ষণ করে ও বিভিন্ন সময়ের ছবি তুলে রাখে টেলিস্কোপ হাবল। গবেষণা অনুযায়ী প্রতিটি তথ্যকে নির্ভুল বলেছেন অধ্যাপক রেইস।
মহাকাশ নিয়ে গবেষণায় আরও নতুন নতুন পদ্ধতি অবলম্বনের প্রতি গুরুত্ব দেন তিনি। তার মতে, অত্যাধুনিক তত্ত্ব ও যন্ত্রের ব্যবহারে মহাবিশ্ব সম্পর্কে আরও বেশি জানা সম্ভব হবে।
বিজ্ঞানীদের নতুন নতুন গবেষণার মাধ্যমে বিশ্ববাসী আরও অনেক কিছু জানতে পারবে মহাবিশ্ব সম্পর্কে।

