ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্ব জয়ের স্বপ্ন




একজন মেসি যখন থাকেন, তখন স্বপ্ন দেখতে দোষ কোথায়? মেসি নামক মহামানবের পায়েই যে এগিয়ে যাওয়া যায়, স্বপ্ন দেখা যায়। মেসির উপর ভরসা করেই তো নির্ভার থাকা যায়। কারণ মেসিরা যতটা এগোয়, নিজের দলকে ততটা এগিয়ে নিয়ে যায়। আর তাইতো বিভীষিকার মৃত্যুপুরী থেকে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার আগমনবার্তা জানান দেয় মেসিদের শ্রেষ্ঠত্বের, মেসিদের বিজয়ের। এই আগমন যে এতটাও সহজ ছিল না। কণ্টকাকীর্ণ অমসৃণ পথে পথে ছিল তীব্র বাঁক।
ফিনিক্স পাখি শেষ অন্তিম লগ্নে পুড়তে থাকে। পুড়তে পুড়তে ছাই হয়ে যায়। সেই ছাই থেকে জন্ম নেয় আরেক ফিনিক্স পাখির, যেই পাখি আবারো লড়াই করে। টিকে থাকে লড়াইয়ের ময়দানে। ঠিক এমন এক পরিস্থিতিতেই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙ্গে যেতে বসেছিল। কেননা, বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ জিততেই হতো। ইকুয়েডরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে সেই জয় পাওয়াটাই ছিল সোনার হরিণ। যেখানে ১৬ বছরে কোনো জয় নেই, সেখান থেকে জয় নিয়ে রাশিয়ার টিকিট পাওয়াটা কঠিনই ছিল।
কঠিন, কিন্তু অসম্ভব নয়। একজন লিওনেল মেসি যে আছেন। ত্রাতা হিসেবে ফিরে এসেছিলেন সেদিন, বাঁচিয়েছিলেন সেদিন। মেসির পায়ের প্রতিটি পদক্ষেপে ধুলোর মতো উড়েছে দুইবারের বিশ্বজয়ী দল, বর্তমান রানার্সআপ আর্জেন্টিনার বিশ্বকাপ না খেলতে পারার শঙ্কা। তাই মেসিকে নিয়ে নির্ভার থাকায় যায়। তবে ফুটবল যেখানে দলগত খেলা, সেখানে মেসির পক্ষে একা লড়াই করা সম্ভব নয়। আর তাইতো এবার আর্জেন্টিনাকে খুব একটা আশা করছে না ভক্ত-সমর্থকরা।
এমনকি লিওনেল মেসিও জানেন এবার বিশ্বকাপের দাবি রাখার অধিকার নেই এই আর্জেন্টিনার। তাই আগেভাগে সেমিফাইনালেই আর্জেন্টিনার সাফল্য দেখছেন ফুটবল মাঠ কাঁপানো এই শ্রেষ্ঠ ফুটবলার। অথচ এই আর্জেন্টিনা দলের আক্রমনভাগ নিয়ে ঈর্ষা জাগতেই পারে অন্য যেকোনো দলের।
পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়েইন, এঞ্জেল ডি মারিয়া, ক্রিস্টিয়ান পাভন এবং লিওনেল মেসি – চোখের সামনে ভেসে উঠে গোলের পর গোল। ক্লাব ফুটবলে যে যার লিগে শ্রেষ্ঠত্ব দিয়ে গোল করে নিজেদের নাম তুলে ধরেছেন অনন্য উচ্চতায়। কিন্তু, দেশের হয়েই যেন খেই হারিয়ে ফেলেন তারা। নামের প্রতি সুবিচার করতে পারেন না যথাযথ। সে কারণেই বছর জুড়ে দুর্দান্ত খেলতে থাকা মহাতারকাদের নিয়ে আর্জেন্টিনা দলেরও ভরসা হারিয়ে যায়।
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলটি এবার তারুণ্য নির্ভর। অভিজ্ঞতা ও তারুণ্যের এক মিশ্রণে কোচ হোর্হে সাম্পাওলি এবার রাশিয়া দাপিয়ে বেড়াবেন। এই হোর্হে সাম্পাওলির দীক্ষায় চিলি প্রথমবারের মত জিতেছিল কোপা আমেরিকা। এই আর্জেন্টিনাকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল চিলিয়ানরা। সেভিয়াকে এনে দিয়েছিলেন ইউরোপা লীগ। তাই সাম্পাওলির অধীনে ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে আকাশী সাদারা।
গত বিশ্বকাপেও আর্জেন্টিনা দল নিয়ে বিশেষ কেউ প্রত্যাশা করে নি। বিশ্বকাপের দাবি না রেখেও মেসির নেতৃত্বে ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। জার্মানির কাছে স্বপ্ন ভঙ্গের হারে তৃতীয় বিশ্বকাপ জেতা হয়নি। এবারো বিশেষ কেউ ভরসা রাখছে না আর্জেন্টিনার উপর। ফলে হারানোর কিছু নেই তাদের। চাপমুক্ত হয়েই খেলতে পারবে এবার।
শাপে বর হয়ে ধরা দিতেই পারে এমন নির্ভার হয়ে খেলা। জিততে হলে, বিশ্বকাপে ভালো কিছু করতে হলে একটি দল হয়েই খেলতে হবে। প্রতিটি ম্যাচে এগিয়ে যেতে হবে। প্রতিটি খেলোয়াড়ের সেরাটা উজাড় করে দিয়ে হবে। ভুলে যেতে হবে বিশ্বকাপ বাছাইপর্বের করুন অবস্থাকে। ভুলে যেতে হবে কিছুদিন আগে প্রীতি ম্যাচে স্পেনের কাছে ৬ গোল খেতে হয়েছিল। সব ভুলে সাফল্য গাঁথা লিখতে হবে দিবালা-ডি মারিয়া-মাসচেরানোদের। আর মনে রাখতে হবে, তাদের একজন লিওনেল মেসি আছেন। কেই বা বলতে পারে, চমক হয়েই রাশিয়ার আকাশ হয়ে উঠলো আকাশী-সাদা।