নতুন তিনটি স্মার্টফোন আনছে গুগল



গুগল নতুন তিনটি স্মার্টফোন উন্মোচনের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে দুটি পিক্সেল মডেলের প্রিমিয়াম ফোন, অন্যটি হাই-এন্ড। প্রতিষ্ঠানটির অনিচ্ছাকৃত ফাঁস হওয়া তথ্যে বিষয়টি উঠে এসেছে।
গুগলের পরবর্তী ফ্লাগশিপ স্মার্টফোন উন্মোচন হতে এখনো কয়েক মাস বাকি। তবে প্রতিষ্ঠানটির অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্টের (এওএসপি) কোডে দেখা গেছে, এর পরবর্তী স্মার্টফোনের নাম হবে পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল। ধারণা করা হচ্ছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে নতুন স্মার্টফোনগুলো উন্মোচন করতে পারে গুগল, যদিও প্রতিষ্ঠানটি পিক্সেলের উন্নত সংস্করণ আনবে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
১১০ কোটি ডলারে তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা এইচটিসির মোবাইল ফোন ব্যবসার আংশিক অধিগ্রহণ করেছে গুগল। ধারণা করা হচ্ছে, পিক্সেল ৩ সিরিজের স্মার্টফোন আনতে এইচটিসি থেকে আসা প্রকৌশলীরা গুরত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নতুন ডিভাইসে মার্কিন চিপ নির্মাতা কোয়ালকমের স্নাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহার করা হতে পারে।
২০১৬ সালে মটোরোলার সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা রিক অস্টেরলোহকে হার্ডওয়্যার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেয় অ্যালফাবেট নিয়ন্ত্রিত গুগল। এরপর তার নেতৃত্বেই এসেছে পিক্সেল ও পিক্সেল এক্সএল নামে গুগল ব্র্যান্ডের প্রথম পিক্সেল ফোন। ডিভাইস বাজারে এ স্মার্টফোন ভালো সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় গত বছরের অক্টোবরে পিক্সেল ২ ও ২ এক্সএল উন্মোচন করে গুগল। ডিভাইস দুটি উন্মোচনের পর থেকেই এতে ত্রুটি থাকার অভিযোগ উঠেছে। স্মার্টফোন দুটির ব্যবহারকারীরা স্ক্রিনের বিবর্ণতা, বার্ন ইন, বিরক্তিকর শব্দ ও ব্যাটারিতে সমস্যার কথা জানিয়েছেন।