নতুন বই দিয়ে শুরু হবে নতুন বছর




সকল প্রস্তুতিই সম্পন্ন করেছে এনসিটিবি। বছরের প্রথম দিন নতুন বই হাতে পাবে ৪ কোটি ৪২ লাখ ৪ হাজার ১৯৭ জন শিক্ষার্থী। আগামীকাল সারাদেশে পালিত হবে বই উৎসব।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, নতুন বই পৌঁছে গেছে সব উপজেলায়। সংস্থাটির তথ্যমতে গত বছরের চেয়ে এবার ৭১ লাখ ৯৩ হাজার ৩৬৯ টি বই বেশি দেয়া হবে।
২০১৮ তে সারাদেশে শিক্ষার্থীদের হাতে পৌছেবে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ টি পাঠ্যবই।

গত আট বছরে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২২৫ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৭৫০টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবারও আলাদা আলাদা স্থানে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করবে। ১ জানুয়ারি সকালে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন। এই উৎসবে রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেবেন। এই উৎসবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহার উপস্থিত থাকার কথা রয়েছে।
অন্যদিকে ১ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। ওই অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত থাকবেন।