পরীক্ষায় কম নম্বর পাওয়ায় সৌমিক মিত্র সবুজ (২২) নামের এক ছাত্র আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবি করেছে। নিহত ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতক ২য় বর্ষের ছাত্র ছিলেন।
গত শুক্রবার ভোরে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চিকনিকান্দী ইউনিয়নের কচুয়া গ্রামের নিজ বাড়িতে একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
পরিবার বলছে সেমিস্টার পরীক্ষায় একটি কোর্সে নম্বর কম পাওয়ায় সে আত্মহত্যা করেছে।
জানা গেছে, সৌমিক ওই গ্রামের মৃত নিরঞ্জন মিত্রের ছেলে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে সৌমিক সবার ছোট। সবুজের বড় ভাই নির্মল চন্দ্র মিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র। দুই ভাই জগন্নাথ হলে থাকেন। সৌমিক স্থানীয় বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং চিকনিকান্দী কলেজ থেকে এইচএসসি পাস করেন।
আরও জানা যায়, সৌমিক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। তৃতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার একটি বিষয়ে সৌমিক ১৫ নম্বরের মধ্যে ১২ পান। কিন্তু অপর একটি বিষয়ের পরীক্ষায় মাত্র ৫ নম্বর পান। সৌমিকের হাতের লেখা খারাপ, তাই নম্বর কম পেয়েছে বলে বিভাগের শিক্ষক মন্তব্য করলে হতাশ হন সৌমিক।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে সৌমিক ঢাকা থেকে বাড়ি আসেন। অন্যদের সঙ্গে রাতে খাবার খেয়ে সৌমিক ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোরে বাড়ির পেছনে আমগাছের উঁচু ডালে গলায় রশি দেওয়া অবস্থায় সৌমিককে ঝুলে থাকতে দেখেন তাঁর বড় বোন সাবিত্রী রানী।
এ বিষয়ে, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সৌমিকের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

