'পরিকল্পনা হয়েছে অস্ট্রেলিয়াতেই'




আথুলা সামারাসেকেরার ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ নয়। শ্রীলঙ্কার হয়ে মাত্র চার টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলা সামারাসেকেরা পরিচিত অন্যখানে। নব্বই দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন তিনি। তখনকার দুই চিরপ্রতিদ্বন্দী আবাহনী ও মোহামেডান – দুই দলের হয়েই মাঠ মাতিয়েছিলেন।
তবে ক্যারিয়ার লম্বা করতে পারেননি প্রতিশ্রুতিশীল এই ক্রিকেটার। তিনি মুখ খুলেছেন সম্প্রতি ঘটে যাওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের বল টেম্পারিং নিয়ে। তিনি মনে করেন টেস্টের মধ্যাহ্ন বিরতিতে কিংবা কেপটাউনে নির্দিষ্ট টেস্ট শুরুর আগে এই ঘটনার পরিকল্পনা করা হয়নি। ফেসবুকে দারুণ এক পোস্টে ‘যে দিকটা সবার চোখ এড়িয়ে গেছে’ শিরোনামে সামারাসেকেরার দাবি, অস্ট্রেলীয় ক্রিকেট দল বল টেম্পারিংয়ের পরিকল্পনাটা করেছিল দক্ষিণ আফ্রিকা সফরের আগেই, অস্ট্রেলিয়ার মাটিতে।
নিজের মতের ভিত্তিতে তিনি সেই পোস্টে বলেন, ‘আমার ধারণা এটা টেস্টের মধ্যাহ্ন বিরতিতে অথবা কোনো টেস্টে আগের দিন টিম মিটিংয়ে এই পরিকল্পনাটা হয়নি। এই পরিকল্পনাটা হয়েছে অস্ট্রেলীয় দলের দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হওয়ার আগেই।’
তার ভাবনায় কেন এই চিন্তা এসেছে, সে ব্যাপারেও আলোকপাত করেছেন তিনি, ‘অস্ট্রেলীয় ক্রিকেটাররা এতটা বোকা নয় যে তারা দক্ষিণ আফ্রিকার কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে সিরিশ কাগজ কিনবে। পাশাপাশি সিরিশ কাগজ যে একজন ক্রিকেটারের কিট ব্যাগে প্রয়োজনীয় সামগ্রীর একটি, সেটা আমার জানা নেই।’
তিনি তার পোস্টে আরো ব্যাখ্যা করেন, ‘পেশাদার ক্রিকেটারদের নিজেদের ব্যাট পরিষ্কার রাখার জন্য সিরিশ কাগজের প্রয়োজন হয় না। কারণ, প্রত্যেক খেলোয়াড়ের ব্যাটেই বড় বড় প্রতিষ্ঠানের স্পনসর থাকে। এবং প্রত্যেকেরই কিট ব্যাগে ১০-১২ খানা ব্যাট একদম উপযোগী অবস্থায় প্রস্তুত থাকে। এখন যদি সিরিশ কাগজ কিট ব্যাগের জিনিসপত্রের অংশ না হয়ে থাকে, যদি সেই সিরিশ কাগজ কেউ দক্ষিণ আফ্রিকা থেকে না কিনে থাকে, তাহলে সেগুলো কেনা হয়েছে নিশ্চয়ই অস্ট্রেলিয়া থেকেই। এ থেকেই বোঝা যায়, তারা পরিকল্পনাটা কতভাবে করেছে। সম্মান হারিয়ে ম্যাচ জয়ে কী লাভ, সেটা আমি বুঝতে পারি না।’
ক্রিকেট অঙ্গনে তিনি কোনো পরিচিত ব্যক্তিত্ব নন। ক্যারিয়ার শেষে ক্রিকেটের সাথেও সংযুক্ত হননি। তবে বর্তমান বল টেম্পারিং ইস্যু নতুন ভাবনাটা দুয়ার যে খুলে দিচ্ছে, তা বলাই বাহুল্য।