অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিনের সঙ্গে হাইড্রোক্সাইক্লোরোকুইন মিশিয়ে তৈরি করা নতুন ডোজ আক্রান্ত রোগীর ওপর প্রয়োগ করে সফলতা পেয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের দুই চিকিৎসক।
যুক্তরাষ্ট্রের লং কোয়ান্টাইরা হেলথের চিকিৎসক ডা. রায়ান সাদি ও প্লেইনভিউ হাসপাতালের চিকিৎসক ডা. মুহাম্মদ আলম এ ডোজ তৈরি করেন।
ডা. রায়ান সাদি বলেন, একটি বিশাল সংখ্যার করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাই আমাদের এ চিকিৎসায় মনোযোগ দেওয়া উচিত। কারণ বর্তমানে জরুরি অবস্থা চলছে। ক্লিনিক্যাল ট্রায়াল দুই-তিন সপ্তাহের মধ্যেই হয়ে যাবে।
করোনায় গুরুতর ৫৪ রোগীর ওপর এ ডোজ দেওয়া হয়। ছয় দিন ধরে নিতে হয় ডোজ। কিন্তু ৯ জন এ ডোজ নিয়ে ছয় দিন শেষ করতে পারেননি। কারণ এই ডোজের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাদের মধ্যে।
৯ জনের মধ্যে তিনজন গুরুতর রোগী মারাও যান। তবে বাকি ৪৫ জন পুরোপুরি সুস্থ হয়েছেন। এই চিকিৎসা পদ্ধতিটির আরও ক্লিনিক্যাল ট্রায়াল হওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
করোনায় এ চিকিৎসা পদ্ধতিটি এখনো অনুমোদন দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি এড়িয়ে চলতে।

