আন্তর্জাতিক ক্রিকেটের সৌম্য সরকারের আবির্ভাব ছিল চোখে পড়ার মতো। এখন আর সেই সৌম্য নেই। ব্যর্থতার চাদরে মুড়ে সৌম্য আগানোর বদলে পিছিয়েছেন অনেকটাই। সর্বশেষ নিদাহাস ট্রফিতে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছিল দুইবার। সেই সিরিজেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। সিরিজের পাঁচটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন, প্রত্যাশা পূরণ করতে পারেননি কোনো ম্যাচেই।
সেই সিরিজে সৌম্যের রান সংখ্যা ছিল ১৪, ২৪, ১, ১০, ১। ঢাকা প্রিমিয়ার লিগে অগ্রণী ব্যাংকের একটি দেড়শ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু, ঘরোয়া ক্রিকেটের বাকি ম্যাচগুলোতেও ছিলেন ম্লান।
স্বভাবতই নিজের পারফরম্যান্সে খুশি নন। ধরেই নিয়েছিলেন পরবর্তী সিরিজগুলোতে সুযোগ মিলবে না। আফগানিস্তান সিরিজের দলে সুযোগ পেতে দেখে অবাক হয়েছেন নিজেই। সৌম্য জানিয়েছেন, সুযোগের সদ্ব্যবহার করতে কঠোর পরিশ্রম ও নিজের মতো করে খেলে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে চান তিনি।
সৌম্য বলেন, ‘যেহেতু খারাপ সময় দিয়ে যাচ্ছি, ওখান থেকে কে কতটা কঠোর পরিশ্রম করে আগাতে পারি ওটাই চিন্তা করি। আমি চেষ্টা করি আমার জায়গায় আমার খেলার। ভালো খেলারই চেষ্টা করি, তার মধ্যে খারাপ ভালো মিলিয়ে হয়ে যায়।’
শেষ কয়েক সিরিজ ধরে ভালো হচ্ছে না পারফরম্যান্স। সে কথা জানেন সৌম্য নিজেও। আর তাই নিজেকে ফিরে পাওয়ার তাড়না অনুভব করেন মন থেকে, ‘শেষ কয়েক ম্যাচ তো ভালো করিনি। নিজের কাছে তাগিদ থাকে ভালো করার। তারপর মানুষের কথা শুনলে মনে হয় আসলেই খারাপ খেলছি। যত কথা শুনি তত মনে পড়ে। চেষ্টা করি এসব না শুনে অনুশীলনে জোর দিতে।’
গতকাল সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সৌম্য আরও বলেন, ‘সবাই ভালো করতে চায়। কিন্তু প্রত্যেকদিনই তো ভালো করা যায় না। প্রত্যেকদিন ভালো করলে চাওয়া-পাওয়ার শক্তিটা কমে যায়।’
দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত এই বাঁহাতি ওপেনার। যেখানেই সুযোগ পান, নিজের সেরাটা দিতে চান। ফিরে পেতে চান নিজেকে, ‘খেললে তো সব জায়গায় খেলতে হবে। দল যদি মনে করে পাঁচ নম্বরে ব্যাট করতে হবে তাহলে সেখানেই করতে হবে। এখানে পারফর্ম করতে হবে, রান করতে হবে।’
সৌম্য ফিরলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই হবে মঙ্গলের। এখন দেখার বিষয়, আসন্ন সিরিজে কিভাবে নিজেকে মেলে ধরেন সৌম্য সরকার।
