‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’ এমন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। সত্যি এবার চলে গেলেন সেই ছোট্ট সোনার গাঁ ছেড়ে। বরেণ্য এই সংগীতশিল্পী শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বারিধারায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তার স্বামী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমত উল্লাহ একজন ব্যবসায়ী, মেয়ে নাহিদ রহমত উল্লাহ থাকেন লন্ডনে আর ছেলে এ কে এম সায়েফ রহমতুল্লাহ যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করে এখন কানাডায় থাকেন।
মৃত্যুর খবর পেয়ে তার বারিধারার বাসায় ভিড় করেন সংস্কৃতি অঙ্গনের বহু মানুষ।
‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে, এবার বল’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’সহ বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাহ্নাজ রহমতুল্লাহ খ্যাতি পেতে শুরু করেছিলেন ষাটের দশকে শিশু বয়সেই।
১৯৫৩ সালে জন্মগ্রহণ করা এ শিল্পী মেধা, পরিশ্রম, আর কিছুটা ব্যতিক্রমী এবং পরিণত কণ্ঠের কারণে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন।
১৯৯০ সালে ‘ছুটির ফাঁদে’ ছবিতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি এছাড়া ১৯৯২ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।
যদিও শেষ দিকে এসে একসময় গানের জগত থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিয়েছিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৪ মার্চ) বাদ জোহর বারিধারা স্থানীয় মসজিদে জানাজা শেষে আর্মি গ্রেভইয়ার্ডে দাফন করা হবে।

