পড়াশোনা ও খেলাধুলা এক সাথে সম্ভব!



গুরুজনেরা বলেন, পড়ালেখা আর খেলাধুলা একসাথে হয় না। পড়ার সময় পড়া, আর খেলার সময় খেলা – এ পুরোনো তত্ত্ব ভেঙে দিয়ে নতুন আবিষ্কার বিকেএসপির ক্রিকেটাররা।

প্রিমিয়ার লিগের নিয়ম অনুসারে প্রতিটি দল একজন করে বিদেশী খেলাতে পারবে। কিন্তু বিকেএসপি দলটিতে নেই কোনো বিদেশী। নিজেদের খেলোয়াড়দের দিয়ে তৈরি দলে আছে বেশকিছু তরুণ ক্রিকেটার।

এই দলে আছেন পারভেজ হোসেন, মুকিদুল ইসলাম, মুজিবুল হোসেন ও নওশাদ ইকবাল নামের চার ক্রিকেটার। এই চারজন খেলার পাশাপাশি দিচ্ছেন এইচএসসি পরীক্ষা।

গতকাল শেখ জামালের বিপক্ষে বিকেএসপিতে ম্যাচ খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ ও ডানহাতি পেসার মুকিদুল। খেলা শেষেই হোস্টেলে ফেরার তোড়জোড় শুরু। কেননা, আজ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।

পরীক্ষা আর খেলা একই সঙ্গে চালিয়ে যাওয়ার মূলমন্ত্র কি? জবাবে পারভেজ বলছিলেন, ‘আমরা বিকেএসপির ছাত্র, আমাদের জন্য খেলা বা পড়াশোনা কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়।’

মুকিদুল বলছিলেন, ‘আজ (গতকাল, রবিবার) ম্যাচ খেললাম, এতক্ষণ ম্যাচের চিন্তা ছিল। এখন ফিরেই পরীক্ষার প্রস্তুতি নিতে বসে যাব।’

নওশাদের ভাষায়, ‘এই যে খেলা আর পড়ালেখা একসঙ্গে চলছে। এটাকে পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে চালিয়ে নিয়ে যাওয়াটা আমাদের আরেকটা পরীক্ষা। আমাদের জীবনের একটা বড় শিক্ষাও।’

মুজিবুলের সোজাসাপ্টা ভাবেই বলেন, ‘পরীক্ষা আর খেলা একসঙ্গে পড়ে গেলে সেটা চ্যালেঞ্জ হয়ে যায়। আর চ্যালেঞ্জে জেতার চেয়ে বড় আনন্দের আর কী আছে!’

এই দলে কেউ মাত্রই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কেউবা পড়ছে উচ্চমাধ্যমিকে। অধিনায়ক আকবর আলী আবার একটু এগিয়ে, ডিগ্রি অধ্যয়নরত। শতভাগ শিক্ষার্থীদের এই দলটি খেলার মাঠেও এগিয়ে যাচ্ছে সমানতালে।