ফুটবল রূপকথার মেসি-রোনালদো




এইতো দিন দুয়েক আগে, সেভিয়ার সাথে হারতে হারতে বেঁচে গেছে বার্সেলোনা। কে বাঁচিয়েছে? নাম না বললেও অনুমান করতে কষ্ট হয় না। বার্সেলোনার ত্রাতা হিসেবে একজনই ফিরে আসেন, লিওনেল মেসি।
এর কিছুদিন আগে জাতীয় দলের খেলা। মিশর ১-০ গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন বুনছিলো। ইউরো সেরার সাথে জয় যে দারুন রোমাঞ্চ। কিন্তু, বিধি বাম। পর্তুগালের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন। নির্ধারিত ৯০ মিনিটের পর যে ইনজুরি সময় চলে, পরপর দুই গোল দিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া মিশরকে স্তব্ধ করে দিল।
তারও আগে, বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙ্গে বসা আর্জেন্টিনা ইকুয়েডরের সাথে খেলছে। ইকুয়েডরের মাঠে ১৭ বছর ধরে জয় নেই, বিশ্বকাপ খেলতে হলে জিততেই হবে। এমন সব পরিসংখ্যানে মাঠে নামলেন লিওনেল মেসি। দেখলেন, বুঝলেন, জয় করলেন সব। হ্যাটট্রিক করে জেতালেন দলকে, নিয়ে গেলেন গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপে।
আবার গতকাল দুর্দান্ত রোনালদোর অসাধারণ বাইসাইকেল কিকে স্তব্ধ বুফন, স্তম্ভিত জুভেন্টাস। তারও মাঝে প্রশংসা জানাতে হয়। নিশ্চিত হার জেনেও জুভেন্টাসের সমর্থকেরা দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে, সম্মান দেখিয়েছে। এ যেন ফুটবলের প্রতি ভালোবাসা, ফুটবলের সৌন্দর্য্যের প্রতি মাথা নোয়ানো। ভাল লাগে, গর্বে বুক ফুলে। ফুটবলপ্রেমী হিসেবে সার্থক মনে হয়।
এমন শতশত উদাহরণ দেওয়া যায়। এমন হাজারো গল্প লেখা যায় দুজনের নামে। সময় বয়ে যাবে, লেখা শেষ হবে না। গত দশ বছরে এমন মহাযুদ্ধ তো আর কেউ চোখে দেখেনি। এই মেসি শ্রেষ্ঠত্বে নিজেকে প্রমান করলে ঠিক পরের ম্যাচেই রোনালদোর খুনে মনোভাব। যেখানে প্রতিপক্ষ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। প্রতিদিন একটি একটি করে ম্যাচ শেষ হয়, আর তারা একটু একটু করে উঠতে থাকে অনন্য উচ্চতায়। সেই উচ্চতা ধরা যায় না, ছোঁয়া যায় না।
আজ মেসি সেরা তো কাল রোনালদো। এই মেসি ম্যাজিকে দল জিতছে, আবার অমানবিক রোনালদোতে প্রতিপক্ষ হচ্ছে বিধ্বস্ত। মুগ্ধতা ছড়ায় প্রতিনিয়ত। অবাক লাগে, কি দিয়ে তৈরি তারা? তাদের এই অমানবিক প্রতিযোগিতা শান্তি দেয়, স্বস্তি দেয়। চোখে তৃপ্তি আনে। ফুটবলের প্রতি ভালোবাসায় সিক্ত করে আমাদের।
আমরা সত্যি ভাগ্যবান, এমন দুইজনকে দেখতে পেরেছি। ফুটবলের রূপকথায় এমন নায়কদের গল্প লিখে শেষ করা যাবে না। কালে কালে কত খেলোয়াড় আসবে, কিন্তু এর মেসি-রোনালদো আসবে না। তাদের মত এই প্রতিযোগিতা করার কেউ থাকবে না। দশ বছর একে অপরের সাথে লড়াই করা হিসেবের বাইরে। তা কেবল মেসি-রোনালদোই পারে।
আজ মেসি অমানবিক কিছু করছে, তো রোনালদো অসাধারণ কিছু করে দেখালো। রাইভাল হয়েই আপনি হাততালি দিতে বাধ্য, প্রশংসা করতে বাধ্য। ঠিক তার পরের ম্যাচেই মেসির জন্য আপনাকে উঠে দাঁড়াতে হবে, সম্মান দেখাতে হবে। আপনি কোন দলের সমর্থক সেটা বিষয় নয়। আপনি ফুটবলকে ভালোবাসলে তাদেরকে অবজ্ঞা করতে পারবেন না। তারাই ফুটবলের সৌন্দর্য, তারাই দুই পায়ে ফুটবলের রূপকথা লিখে। যেই রূপকথায় চোখের পলক পড়ে না, চেয়ে থাকতে ইচ্ছে করে।
এই প্রতিযোগিতা, লড়াই চলবে। চলতে থাকুক। যুগ যুগ ধরে বেঁচে থাকুক ফুটবল সৌন্দর্য্যের এ মহারণ, বেঁচে থাক প্রতিটি ফুটবলপ্রেমীর হৃদয়ে। অনন্তকাল ধরে…..